একশো ক্লাবের বিপক্ষে মেসির অনন্য কীর্তি
ফুটবল ইতিহাসে সম্ভাব্য সব ট্রফিই উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসি। মাঠে নামলেই যেন নতুন নতুন ইতিহাস গড়েন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ভিন্ন ভিন্ন একশো ক্লাবের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন এ আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার ভোরে লিগস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে ইন্টার মিয়ামি। যেখানে দলের হয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেছেন মেসি। পাশাপাশি বাকি দুই গোল করেছেন রবার্ট টেলর। এতে আটলান্টাকে ৪-০ গোলে হারিয়েছে এলএমএসের ক্লাবটি।
মিয়ামির জয়ের দিনে নতুন কীর্তি গড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক মেসি। এদিন আটলান্টার বিপক্ষে জোড়া গোল করে ভিন্ন ভিন্ন একশো ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড বুকে নাম লেখিয়েছেন এলএমটেন।
.png)
উত্তর আমেরিকার ফুটবলের পরিসংখ্যানভিত্তিক সংস্থা ‘অপটা জ্যাক’ সামাজিক মাধ্যম টুইটারে এক পোস্টে জানিয়েছে, আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসি যে দুই গোল করেছেন, দুটি গোলই ডান পায়ে করেছেন। যা প্রায় ৮ বছর পর পুনরাবৃত্তি করেছেন মেসি।
সবশেষ ২০১৫ সালে লা লিগায় লেভান্তের বিপক্ষে ডান পায়ে জোড়া গোল করেছিলেন মেসি। এরপর আর কোনো ক্লাবের বিপক্ষে এমনটি করতে পারেননি লিও।
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মেসি। এটি তার তৃতীয় ক্লাব। এর আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে ৯৮টি আলাদা ক্লাবের বিপক্ষে ৭০৪টি গোল করেছেন তিনি।
মিয়ামির জার্সি গায়ে জড়িয়ে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে গোল দিয়েছিলেন মেসি। এরপর আজ ভোরে আটলান্টার বিপক্ষে ডান পায়ের জোড়া গোলে দলকে জিতিয়েছেন এ ফরোয়ার্ড।
প্রসঙ্গত, বার্সেলোনার জার্সিতে ২০০৫ সালের পহেলা মে প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। প্রতিপক্ষি ছিল আলবাখেট।