ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিকের কাছে হারলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ২৬ জুলাই ২০২৩
মুশফিকের কাছে হারলেন তাসকিন
ছবি- সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে দু’জনেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একজন ব্যাটিংয়ে অন্যতম ভরসা, অন্যজন বোলিংয়ের খুটি। বলছি মুশিফিকুর রহিম ও তাসকিন আহমেদের কথা। তবে এবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মুশির কাছে হার মানলেন তাসকিন।

মঙ্গলবার জিম আফ্রো টি-১০ লিগে জোহানেসবার্গ বাফেলজের মুখোমুখি হয় বুলাওয়ে ব্রেভস। এ ম্যাচে তাসকিনের বুলাওয়ে ব্রেভসকে ১৪ রানে হারিয়েছেন মুশফিকুর রহিমরা।

এ ম্যাচে ১১ বলে ১ বাউন্ডারিতে ১৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। অন্যদিকে তাসকিন ২ ওভারে মাত্র ৭ রান দিলেও উইকেট পাননি।

Advertisement

এদিন টস জিতে জোহানেসবার্গকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বুলাওয়ে। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে জোহানেসবার্গ।

মোহাম্মদ হাফিজ ১১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৩১ রান। ইউসুফ পাঠানের ব্যাট থেকে আসে ২১ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৬। মুশফিক ১১ বলে ১৩ তুলে অপরাজিত থাকেন।

বুলাওয়ের প্যাট্রিক দোলে ১৪ রানে শিকার করেন ২ উইকেট। তাসকিন ২ ওভারে ৭ রানে ছিলেন উইকেটশূন্য।

জবাবে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বুলাওয়ে। পরে সিকান্দার রাজা ১৩ বলে ২৬ আর থিসারা পেরেরা ১৫ বলে ২৪ রানের ইনিংস খেললেও ৮ উইকেটে ৮৩ রানের বেশি তুলতে পারেনি তাসকিনদের দল।

অবশ্য দু’টি দলই পয়েন্ট তালিকায় সবার নিচে। সমান ৬ ম্যাচে দুটি করে জয়ে ৪ পয়েন্ট বাফেলজ ও বুলাওয়ের। রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে মুশফিকের দল। আর সবার শেষে তাসকিনরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!