ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পের সঙ্গে আলোচনায় বসছে সৌদি ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ২৭ জুলাই ২০২৩
এমবাপ্পের সঙ্গে আলোচনায় বসছে সৌদি ক্লাব
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক এখন তলানিতে। দু’পক্ষের দুই মতে রীতিমতো উত্তাপের হাওয়া বইছে প্যারিসিয়ানদের ড্রেসিংরুমে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এমবাপ্পেকে লোভনীয় প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল।

আল হিলালের সেই প্রস্তাবে এমবাপ্পে রাজি না হলেও সম্মতি দিয়েছে পিএসজি। গণমাধ্যমের খবর, আগামী এক বছরের জন্য এমবাপ্পেকে দলে ভেড়াতে চায় আল হিলাল। এরপর সে চাইলে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন। সেটিও নিশ্চিত করেছে ক্লাবটি।

এক বছরের জন্য এমবাপ্পেকে ২০০ মিলিয়ন ইউরো বেতন দিতে চেয়েছে আরব দেশের ক্লাবটি। বাণিজ্যিক চুক্তি করিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছে। যে চুক্তি থেকে ৭০০ মিলিয়ন ইউরো পর্যন্ত আয় হতে পারে এমবাপ্পের। 

Advertisement

কিন্তু ফ্রান্স স্ট্রাইকার এমবাপ্পে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। তারপরও এমবাপ্পে ও তার এজেন্টের সঙ্গে আলোচনা করতে চলতি সপ্তাহে প্যারিসে আসছে আল হিলালের প্রতিনিধি দল। তারা চুক্তির শর্ত ও বিষয়গুলো বুঝিয়ে বলতে চান পিএসজি স্ট্রাইকারকে। 

পিএসজি অবশ্য এমবাপ্পেকে কড়া বার্তা দিয়েছে। চুক্তি নবায়ন না করলে যারা সেরা প্রস্তাব দেবে সেখানেই তাকে বিক্রি করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে প্যারিসিয়ানরা। এখন পর্যন্ত সৌদি ক্লাবের চেয়ে বেশি দামের প্রস্তাব দেয়নি কোন ক্লাবই। 

অবশ্য পাল্টা হুশিয়ারি দিয়েছেন এমবাপ্পেও। তিনি বলে দিয়েছেন, প্রয়োজনে আগামী মৌসুম পিএসজির বেঞ্চে বসে থাকবেন তাও আল হিলালের সঙ্গে চুক্তি করবেন না।

এমবাপ্পে যদি আল হিলালে এক বছরের চুক্তি করে তাহলে ২০২৪ মৌসুম শেষে ফ্রিতে রিয়াল মাদ্রিদ তাকে পেতে পারে। ১৫০-২০০ মিলিয়ন ইউরো খরচ না করে ওই চুক্তির শর্তে রিয়ালের রাজি হয়ে যাওয়াই তাই স্বাভাবিক। কিন্তু স্প্যানিশ ক্লাবটি কোন ঝুঁকি চায় না। আগস্টে মৌসুম শুরু হওয়ার আগেই এমবাপ্পেকে দলে নিতে চায় তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!