আজ অলিখিত ফাইনালে মুখোমুখি ভারত-উইন্ডিজ
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা বিরাজ করছে। যার ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী ভারতীয় দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ জিততে মুখিয়ে আছে দুই দলই। এমন ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাঠে নামবে ভারত ও উইন্ডিজ।
ব্রিজটাউনে লো স্কোরিং প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় ভারত। ব্যাটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ১১৫ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে হিমশিম খায় টিম ইন্ডিয়া।
.png)
তরুণদের সুযোগ দিতে এদিন দলের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিচের দিকে নামিয়ে আনে ভারত। শেষ পর্যন্ত সাত নম্বরে ব্যাট করতে নেমে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক রোহিত। ব্যাট করার সুযোগ পাননি কোহলি।
একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের দল নিয়ে আরো বড় পরীক্ষা-নিরীক্ষায় মাতে ভারত। রোহিত ও কোহলিকে ছাড়াই একাদশ সাজায় টিম ইন্ডিয়া। এ ম্যাচেই হেরে যায় তারা। ব্যাটিং ব্যর্থতায় ১৮১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
শুভমান গিল ৩৪, সাঞ্জু স্যামসন ৯, আক্সার প্যাটেল ১, ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৭, সূর্যকুমার যাদব ২৪ ও রবীন্দ্র জাদেজা ১০ রানে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার ইশান কিষাণ।
জবাবে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে ১১৮ বলে অবিচ্ছিন্ন ৯১ রান তুলে সাড়ে তিন বছর পর ভারতের বিপক্ষে দলকে অবিস্মরনীয় জয়ের স্বাদ পাইয়ে দেন অধিনায়ক শাই হোপ ও কিসি কার্টি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে ২০১৯ সালের ডিসেম্বরের পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজ জয়ের খরা কাটানোর সুযোগ ক্যারিবীয়দের সামনে। ১৭ বছর ও টানা ১২টি সিরিজে ভারতের বিপক্ষে জিততে পারেনি উইন্ডিজ।