ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী বিশ্বকাপে অঘটন, ইতালির বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২ আগস্ট ২০২৩
নারী বিশ্বকাপে অঘটন, ইতালির বিদায়
ছবি: সংগৃহীত

এবারের নারী বিশ্বকাপে অঘটনের পালা চলছেই। যার সবশেষ উদাহরণ হিসেবে আসর থেকে বিদায় নিয়েছে ইউরোপিয়ান ফুটবল পরাশক্তি ইতালি। নাটকীয় এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার নারীদের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। এই পরাজয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লো আজ্জুরি নারীরা।

বুধবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও দক্ষিণ আফ্রিকা। র‍্যাংকিং, অতীত ইতিহাস সব বিবেচনায় এগিয়ে থেকেই ম্যাচ শুরু করে ইতালি। ম্যাচে তাদের শুরুটাও হয় দাপুটে।

দক্ষিণ আফ্রিকার ডিফেন্সে হ্লামিনির ফাউলের সুবাদে ম্যাচের দশ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় ইতলি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইতালিয়ান মিডফিল্ডার আরিয়ানা কারুসো। অবশ্য এই লিড ২০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা।

Advertisement

৩২ মিনিটের মাথায় বেনেদেত্তা অরসির আত্মঘাতী গোলে সমতায় ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আফ্রিকান দেশটির হাতে। যদিও প্রথমার্ধের বাকি সময়ে গোল পাওয়া হয়নি তাদের। 

উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক সূচনা করে। ম্যাচের ৬৭ মিনিটে এর সুফলও পায় তারা। এবারেও গোলের মূলে ছিলেন অরসি। তার ভুলে বল পেয়ে যান দক্ষিণ আফ্রিকান হ্লামিনি। দারুণ বোঝাপড়ায় সেখান থেকে দলকে এগিয়ে দেন হিলদাহ মাগাইয়া। 

ম্যাচে পিছিয়ে পড়ে ফের আক্রমণের ধার বাড়ায় ইতালি। ম্যাচের ৭৪ মিনিটে সমতায় ফেরে তারা। এবারও স্কোরশিটে নাম লেখান কারুসো। ২-২ সমতায় নকআউট পর্বে চলে যাবার পথেই ছিল ইতালি।

কিন্তু ম্যাচের একেবারে অন্তিম সময়ে ইতালির স্বপ্ন ভাঙেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কাগলানা। দারুণ ফিনিশিংয়ে ইতালির জালে বল জড়ান এই স্ট্রাইকার। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। আর ৩ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে ইতালি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!