শনিবার ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টারে স্বাগতিক মায়ামির মুখোমুখি হয় শার্লট এফসি। যেখানে শার্লটকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেসির দল। এ ম্যাচে একটি করে গোল করেছেন জোসেফ মার্টিনেজ, রবার্ট টেইলর ও লিওনেল মেসি। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী।
এদিন ম্যাচের ১২ মিনিটেই স্পটকিক থেকে মায়ামিকে লিড এনে দেন ভেনিজুয়েলার স্ট্রাইকার জোসেফ মার্টিনেজ। মায়ামিতে যোগ দেয়ার পর এই নিয়ে টানা দ্বিতীয়বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাননি মেসি। এবারো বল তুলে দিয়েছেন সতীর্থ মার্টিনেজের হাতে।
.png)
ঘরের মাঠে অপ্রতিরোধ্য ফুটবল খেলা মায়ামি বল দখল থেকে শুরু করে আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল। তবে শার্লটও চেষ্টা করেছে বেশ। প্রতি আক্রমণের সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করে বারবারই ব্যর্থ হয়েছে নর্থ ক্যারোলিনার দলটি। উল্টো বিরতির আগে মায়ামির রাইটব্যাক আন্দ্রে ইয়েডলিনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর।
বিরতির পর শালর্ট ডিফেন্ডার মালান্ডার আত্মঘাতী গোলে ব্যবধান আরো বাড়ে। আর ৮৮ মিনিটে কাম্পানার পাস থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এ নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচে ৮ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।