বিমানে উঠতে দেওয়া হলো না ভারতীয় ক্রিকেটারকে, জানালেন ক্ষোভ
বিমান ছাড়ার ২৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছেছিলেন। তবুও তাকে বিমান উঠতে দেওয়া হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটার শেফালি ভার্মা। বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে অভিযোগ তার। এ ক্রিকেটারের আরো অভিযোগ, বিমান সংস্থার কর্মীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন শেফালি। তিনি লিখেছেন, ‘দিল্লি থেকে বারাণসী যাচ্ছিলাম। বিমান ছাড়ার ২৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছেছিলাম। অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তারপরেও আমাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। কর্মীরাও খারাপ ব্যবহার করেছিলেন। ইন্ডিগোর অভিজ্ঞতা ভাল নয়।’
শেফালি এ কথা জানানোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
.png)
কারো মতে, বিমান ধরতে যাওয়ার জন্য বিমানবন্দরে যতক্ষণ আগে পৌঁছানো দরকার তার থেকে দেরিতে পৌঁছেছিলেন শেফালি। ততক্ষণে যাত্রীরা বিমানে উঠতে শুরু করে দেন। শেফালির জন্য বিমান ছাড়তে দেরি হলে অন্য যাত্রীরা অভিযোগ করতে পারতেন। বিমান সংস্থা নিয়ম মেনেই তাকে উঠতে দেয়নি।
আবার অন্য একটি অংশের মতে, শেফালিকে অন্যায়ভাবে উঠতে দেওয়া হয়নি। তিনি যখন বিমানবন্দরে পৌঁছেছিলেন তখন চাইলেই তাকে বিমানে ওঠার অনুমতি দেওয়া যেত। বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।
এই বিষয়ে অবশ্য ইন্ডিগোর তরফে এখনো কিছু জানানো হয়নি। শেফালি বিমান সংস্থার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করেছেন কি না, তা-ও জানা যায়নি।