ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

লাল কার্ডের পর বড় দুঃসংবাদ পেলেন জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ১৭ আগস্ট ২০২৩
লাল কার্ডের পর বড় দুঃসংবাদ পেলেন জাভি
ছবি- সংগৃহীত

লা লিগার নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। গেতাফের বিপক্ষে দুই লাল কার্ড দেখার পাশাপাশি ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লেভানদোভস্কিদের। তবে ম্যাচটি মোটেও সুখকর ছিল না বার্সা কোচ জাভি হার্নান্দেজের জন্য।

একে তো জয় বঞ্চিত, অন্যদিকে ম্যাচের ৭০ মিনিটে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়েছে জাভিকে। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবার দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন এ স্প্যানিশ কোচ।

শুধু জাভিই নয়, একই সঙ্গে বার্সার ব্রাজিল তারকা রাফিনহাকেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লা লিগা অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার কারণে আগামী ২০ আগস্ট কাদিজ ও ২৭ আগস্ট ভিয়ারিয়ালের বিপক্ষে জাভি-রাফিনহা দু’জনের কেউই দলের অংশ হতে পারবেন না।

মূলত গত সোমবার বার্সেলোনার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করেছিলেন জাভি। এরপরই রেফারি সিজার সোতো তাকে লাল কার্ড দেখান। 

রেফারি সিজার এক প্রতিবেদনে জানিয়েছেন, তিনি সেই ম্যাচে জাভিকে সতর্ক করেছিলেন। আর গেতাফের গাস্তন আলভারেজকে কনুই দিয়ে গুঁতো দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন রাফিনহা।

এদিন বার্সেলোনা-গেতাফে ম্যাচে সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে। যার মধ্যে গেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি গেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’

তিনি আরো বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!