ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাথুরুর সঙ্গে যে কথা হলো তামিমের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ১৭ আগস্ট ২০২৩
হাথুরুর সঙ্গে যে কথা হলো তামিমের
হাথুরুর সঙ্গে তানজিদ হাসান তামিম। ছবি- সংগৃহীত

ঘরোয়া লিগ ও ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। সবকিছু ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপে লিটনের সঙ্গে ওপেনিং-এ দেখা যাবে বাঁ-হাতি এ ব্যাটারকে।

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে দলীয় অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম। বুধবার অনুশীলনে তামিমকে কাছে ডেকে টোটকাও দিয়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

জাতীয় দলে ডাক পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। এ সময় হাথুরুকে নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলে আসার পর কোচ বলেন, তুমি এতদিন যেভাবে খেলে এসেছ, তোমার সহজাত খেলা যেটা, সেটাই খেলবে। উনি বলেছেন যে তোমার যদি নিজের কোনো সমস্যা থাকে, তাহলে আমার কাছে এসে কথা বলবে। উনি সব সময় প্রশ্ন করতে পছন্দ করেন। কারণ, তাহলে নিজের ভেতর থেকে সব কিছু আসে। এদিক থেকে বলব ভালো।’

Advertisement

তামিম বলেন, ‘প্রথমত, আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টগুলোতে, বিসিবি প্রেসিডেন্ট কাপ, সব জায়গাতেই খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।’

নিজের খেলার ধরন নিয়ে তামিম আরো বলেন, ‘দেখুন, আমি এসব চিন্তা করে ব্যাটিংয়ে নামি না। মনের মধ্যে এটাই থাকে যে পজিটিভ ক্রিকেট খেলব। অনেকেই বলে আমি অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলি। এই রকম না। আমি শুধু স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমার শক্তির ওপর বিশ্বাস রাখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, আমার শক্তিতে এবং পজিটিভ খেলায়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!