আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ও বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটার তানজিদ হাসান তামিম।
চোটের কারণে এশিয়া কাপ থেকে নিজেকে সরে নিয়েছেন টাইগারদের সাবেক দলপতি তামিম ইকবাল। মূলত তার বিকল্প হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন এ বাঁ-হাতি ওপেনার। সবকিছু ঠিক থাকলে হয়তো দলের সঙ্গে ভারত বিশ্বকাপেও যাবেন তিনি।
.png)
জাতীয় দলে ডাক পাওয়ার পর এবারই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জুনিয়র তামিম।
তিনি বলেন, ‘আমরা যেটা (যুব বিশ্বকাপ) অর্জন করছি সেটা তো অতীত এখন। সবার মধ্যে একটাই কথা হয়, একটা স্বপ্ন, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু ওয়ানডে বিশ্বকাপ একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ বা যত টুর্নামেন্টই খেলি ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু বিশ্বকাপ থেকেই যায়–ইনশা আল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে ইনশা আল্লাহ হয়ে যাবে।’
নিজের পারফরম্যান্স নিয়ে জুনিয়র তামিম বলেন, ‘আসলে দেখেন, প্রত্যেক ক্রিকেটারের জীবনে ভালো সময় খারাপ সময় আসবেই। এটা মেনে নিতে হবে। খারাপ সময়টা কীভাবে কাটিয়ে উঠব সেই জিনিসটা মূল ব্যাপার। চেষ্টা করছি ওই সময় খারাপ সময়টাই কীভাবে কাটিয়ে ওঠা যায়।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন কোচের সঙ্গে কথা বলছি। আমার যেখানে সমস্যা-দুর্বলতা ছিল, সেগুলো নিয়ে কাজ করছি। ধীরে ধীরে এভাবে রানে ফিরছি। এই জিনিসগুলো নিয়ে কাজ করে।’