জানা গেল কবে দল ঘোষণা করবে ভারত
আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। টুর্নামেন্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল। তবে শ্রীলংকার পাশাপাশি এখনো স্কোয়াড ঘোষণা করেনি ভারত।
অবশেষে জানা গেল, কবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (২১ আগস্ট) স্কোয়াড দেবে তারা।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, ওই দিন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার নেতৃত্বাধীন প্যানেল বৈঠকে বসবে।
.png)
তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন অধিনায়ক রোহিত শর্মা। বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছেন তিনি। সেখানেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন তারা।
সেই দলটিকেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য রাখতে চাচ্ছেন ভারতীয় নির্বাচকরা। সঙ্গে কয়েকজনকে স্ট্যান্ডবাই হিসেবে নিতে চাচ্ছেন তারা। নির্বাচিত দলটিই ব্যাঙ্গালুরুতে অনুশীলন শুরু করবে। এরপর মহাদেশীয় ক্রিকেট যুদ্ধে নামতে কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেবে।
এখন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের জন্য অপেক্ষা করছেন বিসিসিআই নির্বাচকরা। তাদের ফিটনেস সম্পর্কে জানার চেষ্টা করছেন তারা। এই মুহূর্তে দুজনই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
শেষ পর্যন্ত দুজনই ফিট হলে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন রাহুল। সেই সঙ্গে পাঁচ নম্বরে ব্যাট করবেন তিনি। আর চার নম্বরে নামবেন আইয়ার। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে জায়গায় কেউ সফল হতে পারেননি। ফলে তার জন্যই অধীর আগ্রহে রয়েছেন তারা।