আগামী ৩০ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেপাল। আর ম্যাচটি গড়াবে পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ভেন্যুর অজুহাতে পাকিস্তানে খেলতে রাজি ছিল না ভারত। এজন্য ‘হাইব্রিড মডেল’-এ টুর্নামেন্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দেশটিতে খেলতে না গেলেও এবার পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই-এর দুই উচ্চ পদস্থ কর্মকর্তা।
.png)
ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারতের ক্রিকেট দল পাকিস্তানে না গেলেও দেশটিতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই) একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা। বিসিসিআই সভাপতি রজার বিন্নি ও সহ-সভাপতি রাজিব শুকলা পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
মূলত এশিয়া কাপে বিসিসিআইসহ অংশগ্রহণকারী সব দেশের বোর্ডপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দিয়েছেন পাকিস্তানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। সেই ডাকে সাড়া দিয়ে পাকিস্তান যাবেন ভারতীয় ক্রিকেটের প্রধান।
বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, ‘বিন্নি, শুক্লা এবং বোর্ড সচিব জয় শাহ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলংকার পাল্লেকেলেতে হাজির থাকবেন। পর দিন তাদের ভারতে ফেরার কথা। তার পরেই ওয়াঘা সীমান্ত দিয়ে লাহোরে যাবেন প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট।’
লাহোরে এশিয়া কাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে দুটিতে তাদের উপস্থিত থাকার কথা রয়েছে বিসিসিআই-এর দুই কর্তার।
আগামী ৩০ আগস্ট থেকে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। আসরে ১৩ টি ম্যাচের মধ্যের মাত্র চারটি আয়োজন করবে পাকিস্তান, বাকি সব অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।