ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩
শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের কষ্টার্জিত জয়
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে পাত্তাই দেয়নি ব্রাজিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে সেলেসাওদের। তবে ম্যাচের শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় পেরুর লিমায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পেরুকে হারিয়েছে সেলেসাওরা। এদিন জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাজিল ডিফেন্ডার ও পিএসজি তারকা মারকুইনহোস। যেখানে তাকে সহায়তা করেছেন নেইমার। 

ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। সেখানে কিছুটা এগিয়েই ছিল ব্রাজিল। তবে বারবার একই আফসোস করতে হয়েছে দলটিকে, সেটি হলো অফসাইড। দুইবার সফলতা পেয়েও দলটি গোলশূন্য থেকেছে কেবল এই অফসাইডের কারণে। কিন্তু শেষ পর্যন্ত নেইমার-মারকুইনহোস মিলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নেইমাররা।

Advertisement

ম্যাচের ১৫তম মিনিটে প্রথম সফলতা পায় ব্রাজিল। কিন্তু রাফিনহার করা গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ক্যাসেমিরো বল পাসের আগেই অফসাইডে চলে যান নেইমার ও রদ্রিগো। তাতে জালের দেখা পেয়েও স্কোরলাইন শূন্য থাকে ব্রাজিলের। 

এরপর ২২তম মিনিটে পেরুর ডি-বক্সের মধ্যে দারুণ পজিশনে বল পান রিচার্লিসন, কিন্তু তার নেয়া হেড গোল লাইনের বাইরে চলে যায়। তবে ৬ মিনিট পরে ব্রুনো গুইমারেস পাস থেকে উড়ে আসা বলে সফলভাবে হেড দেন ব্রাজিল স্ট্রাইকার। শূন্যে ভেসে নেয়া রিচার্লিসনের হেডটি ছিল দৃষ্টিনন্দন ফুটবলের উদাহরণ। তবে এবারও কপাল মন্দ ব্রাজিলের। এই গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। 

বিরতি থেকে ফিরে পেরু গোলের সামনে যেন অভেদ্য দেয়াল রচনা করে। আর সেই দেয়ালে বারবার মুখ থুবড়ে পড়ে ব্রাজিল। সফরকারীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছে পেরুর ডিফেন্ডিং দেয়াল ভাঙতে। কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন নেইমার-রদ্রিগোরা। 

খেলার শেষ মুহূর্তে কর্নারের সুযোগ পায় ব্রাজিল। আর সেটিকেই কাজে লাগায় দলটি। কর্নার কিক করে অসাধারণ নৈপুণ্যে বল গোলের সামনে পাঠান নেইমার। সেখান থেকে হেডের মাধ্যমে জালে বল জড়াতে ভুল করেননি মারকুইনহোস। তাতেই ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!