কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল। পাকিস্তান এবং শ্রীলংকা এর আগে ১৫৫ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যার মাঝে ৯২ বার জয় পেয়েছে পাকিস্তান, লংকানরা জয় পেয়েছে ৫৮ ম্যাচে। এছাড়া একটি ম্যাচ হয়েছে টাই। চার ম্যাচে আসেনি কোন ফলাফল।
এই ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসায় মোট ২৫ ম্যাচ খেলেছে পাকিস্তান। যার মাঝে ১৪ ম্যাচে দেখেছে জয়ের মুখ। সাফল্যের হার ৫৬ শতাংশ। লংকানদের বিপক্ষে এই মাঠে ১৯ ম্যাচ খেলে ১১ ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। বিপরীতে লংকানরা এই মাঠে খেলেছে ১২২ ম্যাচ। যার মধ্যে ৭৫ ম্যাচে জয় এসেছে। হারতে হয়েছে ৪০ ম্যাচে। জয়ের হার ৬১ শতাংশের বেশি।
.png)
কলম্বোর এই ম্যাচের আগে পাকিস্তানের বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। নিজেদের সবশেষ ম্যাচ থেকে ৫টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে দুই বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ঘরের মাঠে ফাইনাল খেলতে মরিয়া লংকানরা পাবে নিজেদের সেরা স্কোয়াডকেই।
দুই দলের সবশেষ ১০ দেখায় ৯ বারই জয় পেয়েছে পাকিস্তান। ওয়ানডেতে সবশেষ ২০১৫ সালে পাকিস্তানকে হারিয়েছিল লংকানরা। সেবারও অবশ্য ঘরের মাঠেই খেলেছিল শ্রীলংকা। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৮ বছর আগের সেই স্মৃতিকে নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাইবেন দাসুন শানাকারা।