ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

রিজওয়ানের ফিফটিতে এগোচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩
রিজওয়ানের ফিফটিতে এগোচ্ছে পাকিস্তান
ছবি- সংগৃহীত

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লড়ছে পাকিস্তান। যেখানে রিজওয়ানের ফিফটিতে চাপ সামলে এগোচ্ছে বাবর আজমের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৩.৫ ওভারে পাঁচ উইকেটে ১৭৮ রান।

বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলংকা। এ ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে টস হতে বিলম্ব হয়। এতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৫ ওভারে আনা হয়েছিল। তবে ম্যাচ শুরুর পর ২৭ ওভারের সময় কলম্বোতে আবারো বৃষ্টি নামে।

Advertisement

দ্বিতীয় দফায় বৃষ্টি নামায় আবারো ওভার কাটা হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৪২ ওভারে অনুষ্ঠিত হবে। 

এদিন পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও আব্দুল্লাহ শফিক। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলেন এ দুই ব্যাটার। 

ম্যাচের প্রথম ওভারের শেষ বলে শর্ট মিড অফে ক্যাচ দিয়েছিলেন শফিক। অল্পের জন্য সে যাত্রাই রক্ষা পান তিনি। তবে নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফখর জামানকে সাজঘরের পথ দেখান মধুশান। বোল্ড হওয়ার আগে ৪ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। উইকেটে থিতু হয়েও নিজের ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ম্যাচের ১৬তম ওভারের শেষ বলে ওয়েল্লালাগের ঘূর্ণিতে কুশল মেন্ডিসের দুর্দান্ত স্ট্যাম্পিংয়ে সাজঘরে ফিরেছেন পাক দলপতি।

বাবরের বিদায়ে বাইশ গজে আসেন মোহাম্মদ রিজওয়ান। এরপর ম্যাচের ২১তম ওভারের তৃতীয় বলের ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধ শতক তুলে নেন শফিক। তবে ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি তিনি।

ম্যাচের ২২তম ওভারে বল হাতে তুলে নেন পাথিরানা। এ ওভারের চতুর্থ বলে পুল করতে গিয়ে মধুশানের তালুবন্দী হন শফিক। আউট হওয়ার আগে ৫২ রান করেন এ ডানহাতি ব্যাটার।

পরে ক্রিজে আসেন মোহাম্মদ হারিস। এরপরই ধনঞ্জয় ডি সিলভার বলে রিজওয়ানের স্ট্যাম্পিং মিস করেন কুশল মেন্ডিস। পরের ওভারেই হারিসকে নিজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান লংকান পেসার মাথিশা পাথিরানা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। এরপর মহেশ থিকশানার বলে প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নওয়াজ। বোল্ড হওয়ার আগে ১২ রান করেন এ পাক অলরাউন্ডার। এরপরই কলম্বোতে বৃষ্টি নামে।

বৃষ্টি থামলে আবারো মাঠে নামে দু’দল। উইকেটে এসেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন রিজওয়ান ও ইফতিখার। এখন রিজওয়ান ৫১ ও ১৬ রানে ব্যাটিং করছেন ইফতিখার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!