ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ, স্বপ্নই রয়ে গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ, স্বপ্নই রয়ে গেল
ছবি- সংগৃহীত

১৯৮৪ সালে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে বসেছিল এশিয়া কাপের আসর। এরপর ৩৯ বছরে এখন পর্যন্ত টুর্নামেন্টটির ১৬টি আসর মাঠে গড়িয়েছে। এ সময়ের মধ্যে একাধিকবার ফাইনাল খেলেছে ভারত ও পাকিস্তান। তবে শিরোপার মঞ্চে তারা কখনোই মুখোমুখি হতে পারেনি।

ভক্ত-সমর্থকদের সেই বহুল কাঙ্খিত স্বপ্নটি এবার পূরণ হতে যাচ্ছিল। কিন্তু শ্রীলংকার কাছে হেরে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বৃহস্পতিবার শ্রীলংকার কাছে দুই উইকেটে হেরে এশিয়া কাপ মিশন হয়েছে বাবর আজমের দলের। এতে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে লংকানরা।

অন্যদিকে প্রথম দল হিসেবে ভারত ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। কিন্তু লংকানদের কাছে হোঁচট খেয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল মেন ইন গ্রিনদের। 

Advertisement

এদিকে এশিয়া কাপের ৩৯ বছরের ইতিহাসে ফাইনালে কখনোই মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। সে ইতিহাস পরিবর্তনের সুযোগ ছিল এবার। কারণ, এই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নানান আয়োজন করা হয়েছিল। যেখানে সবাইকে অবাক করেছে, সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে। তবে শেষ পর্যন্ত আয়োজকদের নানান চেষ্টাও বৃথা হলো।

ভারত এবারের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলেও, পাকিস্তান পারেনি। ফলে এবারের এশিয়া কাপের ফাইনাল হবে ভারত ও শ্রীলংকার মাঝে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে আবারো ফাইনালে ওঠে গতবারের চ্যাম্পিয়নরা।

পাকিস্তানে গিয়ে ভারত ম্যাচ খেলতে না চাওয়ায় এবারের এশিয়া কাপ আয়োজন করা হয় হাইব্রিড মডেলে। যার ফলে পাকিস্তান মূল আয়োজক হলেও, আরেকটি সহ-আয়োজক ছিল শ্রীলংকাও। আর এই লংকাতেই এবারের এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফলে তারাও যে হাল ছেড়ে দিবে না তা সবারই জানা ছিল। কারণ বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন যে তারাই।

এবারের এশিয়া কাপে একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর সুপার ফোরে আবারো মুখোমুখি হয় এই দুই দল। তাতেও দেখা দেয় বৃষ্টির বাগড়া। তবে আগেই জানানো হয়েছিল, বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচটি গড়াবে রিজার্ভ ডে'তে। কারণ তার পরের দিন কোনো খেলা ছিল না।

আর হয়েছেও তাই। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন এক ইনিংসও খেলা হয়নি। পরের দিনেও বৃষ্টি হয়েছে, তবে ম্যাচটি তবুও হয়েছে। আর সেই ম্যাচে পাকিস্তানকে রেকর্ড রানে হারিয়েছে ভারত। এরপর ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই দেখার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। তবে শ্রীলংকার বিপক্ষে সেমিফাইনাল খ্যাত ম্যাচটি পাকিস্তান হেরে যায় শেষ বলে। ফলে এবারো এশিয়া কাপের ফাইনালে দেখা হলো না ভারত ও পাকিস্তানের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!