ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

ক্রিকেটাররা মাঠে নামতেই আবার বৃষ্টি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেটাররা মাঠে নামতেই আবার বৃষ্টি
ফাইল ছবি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে দারুণ লড়াইয়ে জমে ওঠা ম্যাচে দ্বিতীয়বারের মতো ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। যার ফলে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। তবে স্বল্প সময়ের বৃষ্টি শেষে ক্রিকেটাররা মাঠে নামতেই ফের বৃষ্টি শুরু হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৩.৪ ওভারে পাঁচ উইকেটে ১৩৬ রান।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিন অ্যালেন ও উইল ইয়ং।

Advertisement

উইকেট ধরে রেখে খেলতে গিয়ে ধীর গতিতে এগোতে থাকে সফরকারীরা। ৪.৩ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৯ রান জমা করেন দুই কিউই ওপেনার। এরপর শুরু হয় বৃষ্টি।

বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। যেখানে প্রথম থেকে নবম ওভার প্রথম পাওয়ার প্লে, দশম থেকে ৩৪তম ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ৩৫তম থেকে ৪২তম ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে নির্ধারিত হয়।

নতুন করে খেলা শুরু হওয়ার পর উইকেটের দেখা পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। মুস্তাফিজুর রহমানের করা ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই নুরুল হাসান সোহানের চোখ ধাঁধানো ক্যাচে ৯ রানে আউট হন অ্যালেন।

নিজের পরের ওভারে ফের উইকেটের দেখা পান মুস্তাফিজ। এবার তিনি ফেরান চাঁদ বোয়েসকে। তিনে নামা এ কিউই ব্যাটার করেন মাত্র ১ রান। মাত্র ১৬ রানে দুই উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে নিউজিল্যান্ড।

এ অবস্থায় দলের হাল ধরেন হেনরি নিকোলস ও ইয়ং। দুজনের বড় জুটিতে পাল্টা প্রতিরোধ গড়ে কিউইরা। ক্রমেই ভয়ংকর হতে থাকে এই জুটি। তবে শেষ পর্যন্ত তা ভাঙেন মুস্তাফিজুর রহমান।

দ্য ফিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪৪ রানে সাজঘরে ফেরেন নিকোলস। এর মাধ্যমে ভেঙে যায় ইয়ংয়ের সঙ্গে তার ৯৭ রানের জুটি। সঙ্গীকে হারানোর পরপরই আউট হন ইয়ং।

নাসুম আহমেদের বলে স্ট্যাম্পড আউট হন ইয়ং। এর আগে ৫৮ রান করেন তিনি। একই ওভারে ফেরেন রাচীন রবীন্দ্রও। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন এ অলরাউন্ডার।

মাত্র ১০ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। দলের হয়ে লড়ছিলেন টম ব্লান্ডেল ও কোল ম্যাককঞ্চি। এমন সময় ফের বৃষ্টি আসে। ফলে আবারো ওভার কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!