এবারের এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেখানে জাপানের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও প্রথম হতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। চীনে থেকে বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেন ‘আমরা মেয়েদের বলেছি ম্যাচটা যতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়। ফলাফল নিয়েও শঙ্কিত হতে নিষেধ করেছি। জাপান আমাদের চেয়ে সব দিক দিয়ে অনেক এগিয়ে। তাদের বিপক্ষে ইতিবাচক খেলাটা কঠিনই। তারপরও লড়াই করার মানসিকতা নিয়ে সাবিনারা মাঠে নামবে।’
এখন পর্যন্ত বাংলাদেশ দল দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরে সেভাবে খেলেনি। মেয়েরা হাই প্রেসিং করে খেলতে অভ্যস্ত। তবে জাপানের মতো দেশের বিপক্ষে আগের মতো খেলা কঠিনই বললেন কোচ টিটু, ‘এখন আপনি জাপানের মতো দলের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে চাইলে তো হবে না। আমরা ডিফেন্স জমাট রেখে খেলার চেষ্টা করবো। গোল খাওয়া চলবে না। পারলে প্রতি আক্রমণনির্ভর খেলতে হবে। এখন দেখা যাক মেয়েরা জাপানের বিপক্ষে কতটুকু ভালো খেলতে পারে।’
.png)