ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

অভিজ্ঞতাই হবে বিশ্বকাপে ইংল্যান্ডের মূলশক্তি

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৭:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৩
অভিজ্ঞতাই হবে বিশ্বকাপে ইংল্যান্ডের মূলশক্তি
ছবি- ডেইলি বাংলাদেশ

ক’দিন পরেই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এবারের আসরের আয়োজক ভারত। দেশটির দশ ভেন্যুতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ৫০ ওভারের বিশ্বযজ্ঞ।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। যেখানে সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। আর বাছাইপর্ব পেরিয়ে ভারত বিশ্বকাপের টিকিট কেটেছে দুই দল। আগামী ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে ৪৬ দিনব্যাপী ৪৮ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

এবারের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দলই বিশ্বকাপে অংশ নেয়া দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা ৪ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

Advertisement

বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে কয়েকটি দল। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরে কোন দলের স্কোয়াডে কারা আছেন, তাদের শক্তিমত্তা কেমন সেসব নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এ আয়োজন।

ভারত বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড নিয়ে ১০ পর্বের সিরিজ সাজানো হয়েছে। যার দ্বিতীয় পর্বে থাকছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ও দলটির বিভিন্ন তথ্য।ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি- সংগৃহীতআগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই হিসেবে আর মাত্র ১৪ দিন পরেই মাঠে নামতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তারই ধারাবাহিকতায় রোববার (১৭ সেপ্টেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা।

অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ দলে রয়েছেন মঈন আলী, জস বাটলার, আদিল রশিদ, জো রুট ও বেন স্টোকসের মতো তারকারা। তবে চমক হিসেবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি জেসন রয়ের। এছাড়া দলে নেই জোফরা আর্চারও।

স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে আলোচনায় থাকলেও টপ অর্ডারে টিম ম্যানেজমেন্টের ভাবনায় না থাকায় জায়গা হারিয়েছেন জেসন রয়। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থাকা হ্যারি ব্রুক। অন্যদিকে, পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে নেই গত আসরে ইংল্যান্ডের পেস অ্যাটাকে নেতৃত্ব দেওয়া জোফরা আর্চারও।

বিশ্বকাপের আগমুহূর্তে অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বেন স্টোকস। ছবি- সংগৃহীতবিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ভারতে যাবেন আর্চার। সেখানেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

২০২২ সালে ওডিআই ফরম্যাটকে বিদায় বলে দেওয়া বেন স্টোকসও ইংল্যান্ড দলে ফিরেছেন। মূলত কোচ ও অধিনায়কের চাওয়াতেই বিশ্বকাপের আগে অবসর ভাঙার সিদ্ধান্ত নেন ২০১৯ বিশ্বকাপজয়ী এ অলরাউন্ডার।

চমক হিসেবে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন মিডিয়াম ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন। ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন। তার ঝুলিতে রয়েছে মাত্র ১টি উইকেট।

ইংল্যান্ড দলে ব্যাটিং হিসেবে আছেন জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ডেভিড মালান, জো রুট। উইকেটরক্ষক হলেও ব্যাটিংয়ে নেতৃত্ব দিবেন অধিনায়ক জস বাটলার। তার সঙ্গে একাদশে দেখা যেতে পারে জো রুট, বেয়ারস্টো ও মালানকে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সিদ্ধহস্ত অভিজ্ঞ রুট।

জেসন রয়ের পরিবর্তে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন হ্যারি ব্রুক। ছবি- সংগৃহীত২০১৯ বিশ্বকাপজয়ী ইংলিশদের অভিজ্ঞ অলরাউন্ডারদের পাল্লা খানিকটা ভারিই। আসন্ন বিশ্বকাপে মঈন আলীর সঙ্গে আছেন লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস ও ক্রিস ওকস। এদের প্রতেক্যেই নিজেদের দিনে কতখানি ভয়ংকর হয়ে উঠতে পারেন সেকথা ক্রিকেট বিশ্ব ভালোভাবেই জানে।

ইংল্যান্ডের বোলিং ইউনিটও বেশ কার্যকরী। স্যাম কুরান, ডেভিড উইলি, রিস টপলি, আদিল রশিদ প্রতেক্যেই অভিজ্ঞ। এমনকি বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের মেলে ধরেছেন এ বোলাররা। তবে ইংলিশ শিবিরে সুযোগ পাওয়া গাস অ্যাটকিনসন সে তুলনায় খানিকটা পিছিয়েই থাকবেন।   

অভিজ্ঞতা ও অলরাউন্ডদের মেলবন্ধনে দারুণ স্কোয়াড সাজিয়েছে ইংল্যান্ড। যেখানে তিন ইউনিটেই ভারসাম্য বজায় রেখেছে ইংলিশরা। ফলে আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে ২০১৯  বিশ্বকাপজয়ীরা। 

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: 

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
০৫ অক্টোবর ২০২৩ নিউজিল্যান্ড আহমেদাবাদ
১০ অক্টোবর ২০২৩ বাংলাদেশ ধর্মশালা
১৫ অক্টোবর ২০২৩ আফগানিস্তান দিল্লি
২১ অক্টবর ২০২৩ দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৬ অক্টোবর ২০২৩ শ্রীলংকা ব্যাঙ্গালুরু
২৯ অক্টোবর ২০২৩ ভারত লখনৌ
০৪ নভেম্বর ২০২৩ অস্ট্রেলিয়া আহমেদাবাদ
০৮ নভেম্বর ২০২৩ নেদারল্যান্ডস পুনে
১১ নভেম্বর ২০২৩ পাকিস্তান কলকাতা
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!