ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

পূর্ণ শক্তি নিয়ে হেক্সা মিশনে অস্ট্রেলিয়া

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৭:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩
পূর্ণ শক্তি নিয়ে হেক্সা মিশনে অস্ট্রেলিয়া
ছবি- ডেইলি বাংলাদেশ

ক’দিন পরেই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এবারের আসরের আয়োজক ভারত। দেশটির দশ ভেন্যুতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ৫০ ওভারের বিশ্বযজ্ঞ।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। যেখানে সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। আর বাছাইপর্ব পেরিয়ে ভারত বিশ্বকাপের টিকিট কেটেছে দুই দল। আগামী ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে ৪৬ দিনব্যাপী ৪৮ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

এবারের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দলই বিশ্বকাপে অংশ নেয়া দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা ৪ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

Advertisement

বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে কয়েকটি দল। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরে কোন দলের স্কোয়াডে কারা আছেন, তাদের শক্তিমত্তা কেমন সেসব নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এ আয়োজন।

ভারত বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড নিয়ে ১০ পর্বের সিরিজ সাজানো হয়েছে। যার দ্বিতীয় পর্বে থাকছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ও দলটির বিভিন্ন তথ্য।ভারত বিশ্বকাপে হেক্সা মিশনের লক্ষ্যে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ছবি- ক্রিকইনফো

যেদিন ভারত বিশ্বকাপ মিশন শুরু করবে অজিরা

আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। আর ৮ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেই হিসেবে আর ১৩ দিন পরেই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তারই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। এর আগে গত আগস্টের শুরুতে ১৮ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল দলটি।

অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ দলে রয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, প্যাট ক্যামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েলদের মতো তারকারা। নিজেদের দিনে তারা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে সেকথা বেশ ভালো করেই জানেন ক্রিকেটপ্রেমীরা।অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ মাতাবেন জশ ইংলিশ। ছবি- ক্রিকইনফোস্কোয়াড ঘোষণার আগমুহূর্তেও ইনজুরির থাবায় ভুগছিলেন অজি অধিনায়ক প্যাট ক্যামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল। তবে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠাই তাদের দলভুক্ত করা হয়েছে। এমনকি বিশ্বকাপের আগমুহূর্তে ভারতের বিপক্ষে সিরিজও খেলছেন তারা।

ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তবে ২০১৯ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় অজিদের। অবশ্য তার আগের আসরেই শিরোপা উঁচিয়ে ধরেছিল দলটি।

আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবে অস্ট্রেলিয়া

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে হেক্সা মিশন সফলের লক্ষ্যেই মাঠে নামবে অস্ট্রেলিয়া। কেননা ভারতের প্রতিটি উইকেটই বেশ ভালোভাবেই চেনা অজি ক্রিকেটারদের। এবারের স্কোয়াডে জায়গা পাওয়া অনেক ক্রিকেটারেরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে। স্বাভাবিকভাবেই এ সুযোগটি কাজে লাগাতে চাইবে ক্রিকেটের পরাশক্তি দেশটি। 

ইনজুরি কাটিয়ে নিয়মিত পারফর্ম করছেন জশ হ্যাজেলউড। ছবি- সংগৃহীত

ভারসাম্য ব্যাটিং ইউনিট

অস্ট্রেলিয়া দলে ব্যাটিং হিসেবে আছেন অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো বিশ্বসেরা তারকারা। এছাড়াও ব্যাটিং ইউনিটে দেখা যাবে অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড ও জশ ইংলিশকে। তবে অভিজ্ঞতা কিংবা উইকেটের পেছনে দাঁড়ানোর বেলাতে ক্যারির চেয়ে খানিকটা পিছিয়ে থাকবেন জশ ইংলিশ।

অলরাউন্ডারদের পাল্লা ভারি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অলরাউন্ডারদের পাল্লাও একেবারে হেলাফেলা নয়। ইনজুরির কাটিয়ে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার সঙ্গে মিডিয়াম পেস দিয়ে ব্যাটিংয়েও ভয়ংকর হয়ে উঠবেন ডানহাতি মিচেল মার্শ। দুই অভিজ্ঞর সঙ্গে মুম্বাইয়ের হয়ে আইপিএল মাতানো ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ও লখনৌ এর মার্কাস স্টয়নিস তো আছেনই। এছাড়া বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও বেশ পরিপক্ক শন অ্যাবোট।

ভারতের কন্ডিশনে বেশ কার্যকরী ভূমিকা পালন করবেন অ্যাডাম জাম্পা। ছবি- ক্রিকইনফো

বোলিং ইউনিটে শক্তি দেখাবে অজিরা

অজিদের স্কোয়াডে জায়গা পাওয়া ব্যাটারদের চেয়ে বোলিং ইউনিট অনেক বেশি শক্তিশালী। যেখানে অধিনায়কত্বের পাশাপাশি অজি পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন প্যাট ক্যামিন্স। তার সঙ্গে দেখা যাবে অভিজ্ঞ মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে। প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় দলে থাকবেন অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগার।

এবারের স্কোয়াড বিবেচনায় যেকোনো দলের চেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। কেননা অজিদের স্কোয়াডে ব্যাটার, বোলার কিংবা অলরাউন্ডার প্রতেক্যেই ভারসাম্য ক্রিকেট খেলতে অভ্যস্ত। স্বাভাবিকভাবেই স্কোয়াডের শক্তিমত্তার বিবেচনায় আসন্ন বিশ্বকাপে হেক্সা মিশনের লক্ষ্যেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৮ অক্টোবর ২০২৩ ভারত চেন্নাই
১২ অক্টোবর ২০২৩ দক্ষিণ আফ্রিকা লখনৌ
১৬ অক্টোবর ২০২৩ শ্রীলংকা লখনৌ
২০ অক্টোবর ২০২৩ পাকিস্তান ব্যাঙ্গালুরু
২৫ অক্টোবর ২০২৩ নেদারল্যান্ডস দিল্লি
২৮ অক্টোবর ২০২৩ নিউজিল্যান্ড ধর্মশালা
৪ নভেম্বর ২০২৩ ইংল্যান্ড আহমেদাবাদ
৭ নভেম্বর ২০২৩ আফগানিস্তান মুম্বাই
১১ নভেম্বর ২০২৩ বাংলাদেশ পুনে
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!