ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাটলারের পছন্দের পাঁচ ক্রিকেটার যারা, নেই কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ৩ অক্টোবর ২০২৩
বাটলারের পছন্দের পাঁচ ক্রিকেটার যারা, নেই কোহলি
জস বাটলার

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝে  স্বপ্নের একাদশ বেছে নিতে বলা হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে। শর্ত ছিল, অবসর নেয়া ক্রিকেটারদের দলে রাখা যাবে না।

একদিনের ক্রিকেটে ৫৭.৪ গড় নিয়ে ১৩ হাজারের বেশি রান ও ৪৭ সেঞ্চুরি করা বিরাট কোহলিকে নিজের স্বপ্নের একাদশের প্রথম ৫ জনের মধ্যে জায়গা দেননি বাটলার! ইংলিশ অধিনায়কের পছন্দের প্রথম পাঁচ জনের মধ্যে কোহলির জায়গা না হলেও রয়েছেন এক ভারতীয় ক্রিকেটার।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার স্বপ্নের একাদশ বেছে নিয়েছেন। প্রকাশ করা হয়েছে তার বেছে নেয়া প্রথম পাঁচ জন ক্রিকেটারের নাম। পাঁচ জনের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। একজন করে রয়েছেন ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়ার।

Advertisement

ইংল্যান্ডের অধিনায়ক প্রথমেই বলেছেন নিজের সতীর্থ আদিল রশিদের নাম। একদিনের ক্রিকেটে ৩২.৪২ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে রশিদের। ওভার প্রতি তিনি খরচ করেছেন ৫.৭১ রান। চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছিলেন রশিদ।

বাটলারের মতে, একদিনের ক্রিকেটে রশিদই এখন সেরা স্পিনার। রশিদের পর বাটলার বলেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। উইকেটের পেছনে এবং সামনে সমান দক্ষ ডি কক। এ বারের বিশ্বকাপের উইকেটরক্ষকদের মতে ডি কককেই সেরা বলে মনে করেন তিনি।

তৃতীয় ক্রিকেটার হিসেবে বাটলার বেছে নিয়েছেন এক ভারতীয় ব্যাটারকে। তিনি রোহিত শর্মা। বাটলারের মতে, ফর্মে থাকলে রোহিতই এখন বিশ্বের সব থেকে বিধ্বংসী ওপেনার। তাই ১০ হাজারের বেশি একদিনের রানের মালিক থাকবেন তার দলে।

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাটলার বলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। ইংল্যান্ড অধিনায়কের মতে, ম্যাক্সওয়েল এমন একজন ক্রিকেটার যিনি ব্যাট বা বল হাতে যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতাতে পারেন। ভারতের উইকেটে ম্যাক্সওয়েল অত্যন্ত কার্যকরী বলে মনে করেন তিনি।

পঞ্চম ক্রিকেটার হিসেবে বাটলারের পছন্দ অনরিখ নরকিয়াকে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার এই পেস বোলার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মত বাটলারের। একদিনের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৬ হলেও পরিসংখ্যান দিয়ে তাকে বিচার করতে চান না ইংল্যান্ডের অধিনায়ক।

বাটলার স্বপ্নের দল নির্বাচন করেছেন ভারতের মাটিতে বিশ্বকাপের কথা মাথায় রেখে। ভারতের উইকেটে যাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরই রেখেছেন। তার বেছে নেওয়া প্রথম পাঁচ জনের মধ্যে রোহিতের জায়গা হলেও সুযোগ পাননি কোহলি।

তাহলে কি ভারতের সাবেক অধিনায়কের ওপর বাটলারের আস্থা নেই? বাকি ছ’জনের মধ্যে অবশ্য তিনি থাকতে পারেন। কারণ এখনো পুরো তালিকা প্রকাশ করেনি আইসিসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!