বিশ্বকাপ চলাকালীন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন শুভমান গিল। এজন্য নিজেদের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এর মধ্যে একবার অবশ্য হাসপাতালের বিছানাতেও যেতে হয়েছে তাকে। কিন্তু স্বস্তির খবর হলো- শারীরিকভাবে ফিট হয়ে উঠেছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে ভারত একাদশে ফিরতে পারেন গিল। তবে তার আগে সুখবর পেয়েছেন তিনি। আইসিসির সেপ্টেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন ভারতীয় এ ওপেনার।
.png)
সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে গিলের সঙ্গে ছিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও তার সতীর্থ মোহাম্মদ সিরাজ। তবে ব্যাট হাতে উড়ন্ত ফর্মে থাকা গিল তাদের পেছনে ফেলে সেরার খেতাব জিতলেন।
গেল সেপ্টেম্বর মাসে ৮টি ওয়ানডেতে ৯৯.৩৭ গড়ে ৪৮০ রান করেন গিল। এর মধ্যে দুটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলার পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন নেপাল এবং পাকিস্তানের বিপক্ষেও।
সবশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও গিলের ব্যাট ছিল বেশ চওড়া। প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ৭৪ ও ১০৪ রানের দুটি ইনিংস খেলেন এ ওপেনার।
‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়ে গিল বলেন, ‘আইসিসির সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পেরে আনন্দিত। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের। আরো ভালো ও দেশকে গর্বিত করতে এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।’