ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেল বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ২৬ অক্টোবর ২০২৩
সুখবর পেল বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

চলমান ভারত বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। বিপরীতে সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সম্প্রতি মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে লাল সবুজের দেশ। এরপরেই সুখবর পেল বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে হাভিয়ের ক্যাবরেরার দল।

সদ্য হালনাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে ১৮৯ নম্বর স্থানে থাকা বাংলাদেশ নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী আছে ১৮৩তম স্থানে।

ফিফার সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাই পর্বের দুই রাউন্ডের লেগে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম লেগে মালদ্বীপের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরলেও নিজেদের মাঠে ২-১ গোলে জয় পান জামাল ভূঁইয়ারা। ফলে ৩-২ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। এই রাউন্ডে হারলে আগামী তিন বছরে ফিফা থেকে কোনো ম্যাচই পেত না বাংলাদেশ।

Advertisement

প্রাক-বাছাই পর্বের এই রাউন্ডে বাংলাদেশ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবাননের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। তাছাড়া আগামী তিন বছরের জন্য বেশ কিছু ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। ফলে সুযোগ থাকছে র‍্যাঙ্কিং আরও এগিয়ে নেওয়ার।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত। ১০২তম স্থানে আছে সুনীল ছেত্রীরা। এরপরই ১৭৩ নম্বরে নেপাল। ভুটান আছে বাংলাদেশের ঠিক ওপরেই (১৮২)। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!