ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

অবিশ্বাস্য সেঞ্চুরিতে রেকর্ডবুকে ফখরের তোলপাড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০৮, ৪ নভেম্বর ২০২৩
অবিশ্বাস্য সেঞ্চুরিতে রেকর্ডবুকে ফখরের তোলপাড়
ফখর জামান

ওয়ানডে বিশ্বকাপে বাঁচামরার ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত খেলায় ২ পয়েন্ট পেয়ে চলতি বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা। যার নেপথ্য নায়ক হার্ডহিটার ওপেনার ফখর জামান। 

আজ ৮১ বলে ৮ চারের বিপরীতে ১১ ছক্কায় ১২৬ রানের হার না মানা অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ফখর। এই ইনিংস খেলার পথে বিশ্বকাপ ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙে চুরমার করেছেন বাঁহাতি ব্যাটার। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

এতে বলা হয়, গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন ফখর। আর এদিন কিউইদের বিরুদ্ধে ১১ ছক্কা মেরেছেন তিনি। এর সুবাদে এক বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটার হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।

এর আগে এক আসরে সর্বাধিক ৯টি করে ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটার ইমরান নাজির এবং আব্দুল্লাহ শফিকের। ২০০৭ বিশ্বকাপে সেই নজির গড়েছিলেন নাজির। আর চলমান বিশ্বমঞ্চে তাতে ভাগ বসিয়েছিলেন শফিক।    

একই দিনে পাকিস্তানের কোনও ব্যাটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফখর। এদিন মাত্র ৬৩ বলে ৩ অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এর আগে যে রেকর্ড ছিল সেই নাজিরের দখলে। ৯৫ বলে শতক হাঁকানোর কৃতিত্ব দেখান তিনি। 

এ নিয়ে দুই বিশ্বকাপে ১০টির বেশি ছক্কা মারার কীর্তি দেখালেন ফখর। যে রেকর্ড আর কোনো পাক ব্যাটারের নেই। একই ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এ ওপেনার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!