চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের আর একটাই ম্যাচ বাকি আছে। ম্যাচটি গড়াবে আগামী ১১ নভেম্বর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচে জিতলেও বাংলাদেশের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা উজ্জ্বল হবে টাইগারদের।
এদিকে দলের বিশ্বকাপ মিশন যখন শেষ, তখন শুরু হচ্ছে এনামুল হক বিজয়ের যাত্রা। পুনেতে টাইগার স্কোয়াডে যোগ দিতে বুধবার দেশ ছাড়ছেন বিজয়। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখতে চান তিনি।
.png)
বিজয় বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই। ’
টাইগার ভক্তদের কাছে দোয়া চেয়ে বিজয় বলেন, ‘তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক।’