ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নিজের খারাপ সময় নিয়ে ভাবছেন না হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ৮ নভেম্বর ২০২৩
নিজের খারাপ সময় নিয়ে ভাবছেন না হৃদয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা হয়েছিল স্বপ্নের মতো। বাংলাদেশের মিডল অর্ডারে নতুন ভরসার নাম ছিলেন তিনি। কিন্তু অল্প সময়ের ব্যবধানে খারাপ সময়েও দেখে ফেলেছেন হৃদয়। তবে এগুলো নিয়ে ভাবছেন না তিনি। 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২২.৫০ গড়ে করেছেন মোটে ৯০ রান। যেখানে তার স্ট্রাইক রেট ৬৮.৭০। তবুও এটিকে নিজের খারাপ সময় হিসেবে বিবেচনা করতে নারাজ হৃদয়, ‘খারাপ সময় যাচ্ছে এটা আমি নিজে অনুভব করি না। দলের সমন্বয়ের কারণে উপরে-নিচে ব্যাট করছি। সবারই আশা আছে, আমারও থাকবে। আমিও চেষ্টা করি দলকে দেয়ার জন্য। আমি আগেও বলেছি সাতে ব্যাট করছি এটা আমার কাছে ম্যাটার করে না। আমি এশিয়া কাপেও বলেছিলাম দলের প্রয়োজনে যদি নিচে খেলতে হয় নিচে খেলব। সুযোগগুলো আসলে কাজে লাগাব।’

শুধু হৃদয় নন, এবারের বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকি কেউই প্রত্যাশা মেটাতে পারেননি। যদিও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে। যা চলে গেছে তা নিয়ে কথা বলতে চান না হৃদয়। তিনি বলেন, ‘যেটা চলে গিয়েছে সেটা নিয়ে বলতে চাই না। আমরা ভালো করিনি দেখে আমাদের দলের ফল হয়নি। বড় রান করতে গেলে বা তাড়া করতে উপর থেকে যদি একশো বা ৮০ রান দরকার। এই জিনিসটা সামনে করতে পারলে ভালো হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ হবে বাংলাদেশের। অজিদের বিপক্ষে ভালো করতে চান হৃদয়। তিনি বলেন, ‘অবশ্যই ভালো আত্মবিশ্বাস নিয়ে যাব। প্রক্রিয়া অনুসরণ করে সফল হওয়ার চেষ্টা করব। চ্যালেঞ্জ শুধু অস্ট্রেলিয়া বা তাদের পেসার না। প্রতিটা দলই ভালো আলাদা কিছু না। আগেও বলেছি প্রক্রিয়ার ভেতরে যতটা পারি ততটা ভালো করার চেষ্টা করব।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!