আবারো হেলমেট নিয়ে সমস্যা, এরপর যা হলো
হেলমেট সমস্যার কারণে কয়দিন আগেই ইতিহাসের প্রথমবার টাইমড আউট হয়েছিলেন শ্রীলংকার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। কোনো বল না খেলেই ক্রিজ ছাড়তে হয় ম্যাথিউসকে।
তার কারণটা হলো হেলমেটের স্ট্রাইপ বাঁধতে গিয়ে ছিঁড়ে ফেলেছিলেন ম্যাথিউস। সেই হেলমেট বদলাতে গিয়ে নিয়েছিলেন অতিরিক্ত সময়। পরে সবাইকে অবাক করে দিয়ে সাকিব তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন জানালে সাড়া দেন আম্পায়ার। তাতেই আউট হয়ে ফিরেন ম্যাথিউস।
সেই আউট নিয়ে বিতর্ক না থামতেই আবারও দেখা গেল সেই একই বিভ্রাট। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ড ইনিংসের ৩৬তম ওভারের দ্বিতীয় বলে আরিয়ান দত্তের বলে আউট হন মঈন আলি। তৃতীয় বল খেলতে নামেন ক্রিস ওকস।
কিন্তু মাঠে নেমেই তিনি বুঝতে পারলেন, হেলমেটে সমস্যা আছে তার। সাকিবের সেই শিক্ষা থেকেই কি না, ক্রিস ওকস সোজা চলে গেলেন আম্পায়ার এহসান রাজার কাছে। জানালেন নিজের সমস্যার কথা।
আম্পায়ার এহসান রাজা বুঝে সায় দিলেন হেলমেট বদলের। তা মেনে নিয়ে নতুন হেলমেটও আনা হয় ওকসের জন্য। এসময় বেশ কিছুটা হাসাহাসিও করতে দেখা যায় ক্রিজে থাকা খেলোয়াড়দের। ম্যাথিউস ইস্যুর পর ক্রিকেটাররা যে সময়ের ক্ষেত্রে অনেকটাই সতর্ক হয়েছেন, তা বেশ ভালোভাবেই টের পাওয়া গেল এদিন।