ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

কোহলিকে নিয়ে শচীনের আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল সবাইকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০২, ১৫ নভেম্বর ২০২৩
কোহলিকে নিয়ে শচীনের আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল সবাইকে
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এবার ব্যাট হাতে স্বদেশী শচীন টেন্ডুলকারের টপকে ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির মালিক হয়েছেন এই ডানহাতি ব্যাটার।

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এই কীর্তি গড়ার সময় গ্যালারিতে দাঁড়িয়ে থাকা শচীনের দিকে তাকিয়ে কুর্নিশ করেছিলেন কোহলি।

বিশ্বকাপের মঞ্চে শচীনের গড়া রেকর্ড ভাঙার জন্য হয়ত এর চেয়ে ভালো কোনো মঞ্চ ছিল না কোহলির সামনে। বিশ্বকাপের মত বড় মঞ্চে, সেমিফাইনালের বড় ম্যাচে, কোহলি খেললেন জমকালো এক ইনিংস। সেটিও কিনা শচীনের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

Advertisement

সেঞ্চুরির ফিফটি করা ইনিংস কোহলি নিয়ে গিয়েছেন ১১৭ রান পর্যন্ত। আউট হয়ে যখন মাঠ ছাড়ছেন, তখন পুরো স্টেডিয়াম স্লোগান ধরেছে তার নামে। আর সেই স্রোতে হয়ত ছিলেন শচীন নিজেও। তিনি আউট হওয়ার পরেই তাকে অভিনন্দনও জানিয়েছেন শচীন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে শচীন লিখেছেন, ‘তোমাকে যখন আমি প্রথম ভারতের ড্রেসিংরুমে দেখেছিলাম, সেদিন অন্যান্য সতীর্থরা মজা করে তোমাকে আমার পা ছুঁতে বাধ্য করেছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার একাগ্রতা আর দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছো। আমি খুবই খুশি যে সেদিনের তরুণ ছেলেটা আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।’

শচীনি আরো লিখেছেন, ‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এরচেয়ে অন্য কিছুতে আমি খুশি হতে পারতাম না। এবং সেটাও বিশ্বকাপের সেমিফাইনালের সবচেয়ে বড় মঞ্চে। আর আমার ঘরের মাঠে (এমন কিছু) তাতে পূর্ণতা দিয়েছে।’

এদিন ওয়ানডেতে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন কোহলি। শচীনের ২০০৩ সালে করা ৬৭৩ রানের রেকর্ড ভেঙে এই মুহূর্তে কোহলি অবস্থান করছেন ৭১১ রানে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!