ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে একবিন্দুতে মিলেছে আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার বিশ্বজয়!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ২১ নভেম্বর ২০২৩
যেভাবে একবিন্দুতে মিলেছে আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার বিশ্বজয়!
ছবি: ডেইলি বাংলাদেশ

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭ উইকেটে হারিয়ে রেকর্ড ৬ষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অবশ্য আগেই পাঁচবার শিরোপা ঘরে তুলে রেকর্ডটি নিজেদের করে রেখেছিল অজিরা। এবার তা আরো সুসংহত করল ক্যাঙ্গারুর দল।

বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। উভয় দেশই দুটি করে শিরোপা ঘরে তুলেছে। অথচ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রাটা সুখকর ছিল না। তারা প্রথম দু’ম্যাচে হেরে বসেছিল স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপরের সবকটি ম্যাচে তারা জয় তুলে ফাইনাল নিশ্চিত করে।

গত রোববার (১৯ নভেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা-গিল অজি বোলারদের ওপর চড়াও হতে খেলতে থাকে। এরপর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিয়মিত বিরতিতে ভারতের উইকেট তুলে নিতে থাকে অস্ট্রেলিয়া।

Advertisement

শেষ পর্যন্ত ভারত ২৪০ রানই সম্পন্ন করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে দুর্দান্ত জুটি গড়েন ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন। হেডের অনবদ্য সেঞ্চুরি আর লাবুশেনের সময়োপযোগী ফিফটিতে জয় পায় অস্ট্রেলিয়া।

প্রথম দু’ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়কে অনেকে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের সঙ্গে তুলনা করছেন। যদিও আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি হেরেছিল আর অস্ট্রেলিয়া হেরেছিল তাদের প্রথম দুটি ম্যাচ।

আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়। আর সেখানেই হেরে বসে তারা। এতে করে নক আউটে যাওয়াটা তাদের কঠিন হয়ে পড়ে। পরবর্তী সবকটি খেলাই তাদের জন্য ডু অর ডাই ম্যাচে পরিণত হয়।

এরপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পায় তারা। এরপর অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে মেসিবাহিনী। সেখানে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!