রোনালদোর খাদ্যতালিকা নিয়ে রমিজের মন্তব্য, নেটদুনিয়ায় ক্ষোভ
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। ধারাভাষ্য কক্ষেও তার বেশ সুনাম রয়েছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটীয় জ্ঞান বেশ ভালোই রয়েছে মেন ইন গ্রিনদের সাবেক এ ক্রিকেটারের।
তবে ফুটবল নিয়ে রমিজের জ্ঞানের পরিধি কতটুকু সেটি তিনিই ভালো বলতে পারবেন। সম্প্রতি ক্রিকেটবিষয়ক এক আলোচনায় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর খাদ্যতালিকা নিয়ে মন্তব্য করেন করেন। আর তাতেই নেট নাগরিকদের ক্ষোতের মুখে পড়েছেন তিনি।
ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রেই খেলোয়াড়ের ফিটনেসের মূলে তার খাদ্যতালিকা, এটা সবারই জানা। তবে সেটি বোঝাতে গিয়ে রোনালদোর ফিটনেসের বিষয়টি টেনে আনেন রমিজ রাজা।
.png)
রোনালদোর খাদ্যতালিকা নিয়ে রমিজ বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর খাদ্যতালিকা বানিয়ে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।’ মূলত এমন মন্তব্য করে সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলের শিকার হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক এ সভাপতি।
রমিজকে কটাক্ষ করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এ কারণেই তিনি পিসিবির প্রধান হিসেবে আর নেই।’ আরেকজন লিখেছেন, ‘আপনি এভাবে বিশ্বের সামনে নিজেকে বিব্রত করবেন না।’
এবারই প্রথম নয়, এর আগেও ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মাসাবা গুপ্তকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন রমিজ।