ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নতুন ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ২৫ নভেম্বর ২০২৩
নতুন ইতিহাস গড়লেন রোনালদো
ফাইল ফটো

দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই বল পায়ে দ্যুতি ছড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় আল নাসরের জার্সিতে জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। এতে দলকে জেতানোর পাশাপাশি নতুন একটি রেকর্ডও করেছে এ পর্তুগিজ তারকা।

শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল আখদাউদকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এ ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন রোনালদো। সেই সঙ্গে নিজেও গড়েছেন নতুন ইতিহাস।

প্রথম শ্রেণির ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ফুটবলে ৫২৭টি গোল করেছেন। সৌদি প্রো লিগের আগে প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ এবং লিগা পর্তুগাল মিলিয়ে এত গোল করেছেন তিনি। প্রথম শ্রেণির ফুটবলে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা।  

এদিন ম্যাচের ৭৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। বক্সের ভেতর ডান পাশে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন তিনি এবং এরপর বলকে আরেকটু ভেতরে টেনে নিয়ে দুই আগুয়ান ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে দেন রোনালদো। এর তিন মিনিট পরেই চোখধাঁধানো গোলটি করেন তিনি। 

সতীর্থের উদ্দেশে বল বাড়িয়ে রোনালদো এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। তার সতীর্থকে থামাতে এগিয়ে আসেন আখদাউদ গোলরক্ষক পাউলো ভিতর। আক্রমণ ঠেকিয়েও দেন তিনি। কিন্তু বল চলে যায় ৩০ মিটারের বেশি দূরে থাকা রোনালদোর কাছে। গোলরক্ষকও তখন রোনালদোর কিছুটা সামনেই ছিলেন। বুক দিয়ে বলটা নামিয়ে সেখান থেকেই লব করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বক্সের ভেতর প্রতিপক্ষের তিন খেলোয়াড় সামনের দিকে থাকায় তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!