ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রচারণা নেই, দর্শক নেই

আসমাউল মুত্তাকিন, কমলাপুর থেকে
প্রকাশিত: ১৬:৪২, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচারণা নেই, দর্শক নেই
ছবি- ডেইলি বাংলাদেশ

চলতি বছর প্রায় শেষের পথে। এ বছর আর খেলা নেই বাংলাদেশে নারী ফুটবল দলের। নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুরে মুখোমুখি হয় বাংলাদেশ দল। কিন্তু ম্যাচ শুরুর ২০ মিনিট হলেও দর্শক নেই গ্যালারিতে।

স্টেডিয়ামের বাইরে লাগানো ফেস্টুন ও ব্যানারে বড় হরফে লেখা— ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, ৪ ডিসেম্বর, ম্যাচ বিকাল ৩টায়’ পোস্টারের নিচে বড় করে লেখা, ‘বাংলাদেশকে সাপোর্ট করতে চলে আসুন মাঠে।’

কমলাপুরের মুগদার বিভিন্ন মোড়েও রয়েছে এই ধরনের ব্যানার। সামনে চলছে মাইকিং। স্টেডিয়াম গেটেও মাইকিংয়ে আহ্বান জানানো হচ্ছে খেলা দেখার। এত সব আবেদন-নিবেদনের পরও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মেয়েদের বছরের শেষ ম্যাচে এখনো দর্শকের দেখা মেলেনি। অন্য ম্যাচের মতো আজ খাঁ খাঁ করছে প্রায় ১০ হাজারের অধিক ধারণক্ষমতার স্টেডিয়ামের গ্যালারি। 

Advertisement

একটা সময় ছিল, মেয়েদের খেলার সময় আবশ্যিকভাবে  দর্শক হতো। খেলা শুরুর আগেই কয়েক হাজারের টিকিট কেবল গ্যালারির মধ্যে এবং বাইরে বিক্রি হয়ে যেত। মফস্বল শহরের যুবকরা দল বেঁধে বাস রিজার্ভ করে ঢাকায় চলে আসত। খেলা দেখত। তখন গ্যালারি ভর্তি দর্শক থাকত। 

স্টেডিয়ামের আনাচে-কানাচে নামত দর্শকদের ঢল। কিন্তু মেয়েদের ফুটবলের সেদিন আজ আর নেই। মুগদার বাসিন্দা আদনান হাবিব ডেইলি বাংলাদেশকে বলেন, আসলে এখানে মেয়েদের ধারাবাহিক খেলা নেই। হঠাৎ মাঠে খেলা হওয়ায় অনেক দর্শকই মুখ ফিরিয়ে নিয়েছেন এই ম্যাচ থেকে।

তিনি আরো বলেন, ‘কোনো রকম উত্তেজনা চোখে পড়েনি। এই ম্যাচের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এর সময়টা। তাছাড়া নেই, তেমন কোনো প্রচারণা। আর খেলা বিকাল ৩টায়, এ সময়ে সাধারণত মানুষ কাজে ব্যস্ত থাকে। কাজ শেষ করে বাসায় ফেরে। খেলা পাঁচ বা ছয়টায় শুরু হলে মেয়েদের ম্যাচ দেখতে যেত। এই খেলার সময়টাও মানুষকে আগ্রহী করতে পারেনি। কারণ বিকাল ৩টায় অনেকের অফিস শেষ হয়।’

প্রচারণার অভাব চোখে পড়েছে তার, ‘ঢাকায় যে সিঙ্গাপুর দল এসেছে, ওদের দলে ভালো ভালো এসেছেন, এ নিয়ে বিন্দুমাত্র প্রচারণা আমরা দেখিনি। স্টেডিয়ামটি শহরের একদম শুরুতে, মূল শহরে কোথাও আমরা কোনো ব্যানার দেখিনি। খুবই বাজে প্রচারণা হয়েছে। আগে মাইকিং ও পোস্টার করা ছিল বেশি। আজকের ম্যাচে ওভাবে নেই।’

মিরপুর থেকে আসা নাজমুল সাগর নামে একজন  দর্শক বলেন, ‘মেয়েদের ফুটবলে আজকে খেলায় দর্শক নেই। একদিন দেখবেন গ্যালারিতে দর্শকের ঢল নামবে, লম্বা লাইন হবে, টিকিট কালোবাজারি হবে, লাইন ধরে গ্যালারিতে ঢুকতে গিয়ে ধাক্কাধাক্কি হবে, হুড়োহুড়ি হবে, চেঁচামেচি হবে, তবেই না ফুটবল দেখার আসল মজা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!