সোমবার দুবাইয়ে ছোটদের এশিয়া কাপে ‘গ্রুপ বি’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ৯৯ রানেই গুটিয়ে যায় জাপানিরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ৩৮.৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আশিকুর রহমান শিবলী ও জিশান আলম। এ জুটির ব্যাট থেকে আসে ৭১ রান। তাদের ব্যাটে দশ উইকেটে জয়ের পথে ছিল টাইগার যুবারা। তবে সেটি হতে দেননি জাপানি স্পিনার চার্লস হিঞ্জ।
.png)
ম্যাচের অষ্টম ওভারে এ জুটিতে আঘাত হানেন চার্লস। এতে ২৯ রানে থামে জিশানের উড়ন্ত ইনিংস।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশিকুর রহমান। মাঠ ছাড়ার আগে আশিক ৫৫ ও রিজওয়ান ১০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে জাপানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। জাপানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আদিত্য ফাড় ও নিহার পারমার। ইনিংসের প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে জাপান করে ৯ রান।
এরপরই খেই হারিয়ে ফেলে জাপানের ব্যাটাররা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯৯ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পার্মার। এছাড়া স্ট্যাফোর্ড (১৩) ও কাইফার (১৭) রান করেন। বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন মাহফুজুর রহমান ও আরিফুল ইসলাম।