ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতকে হেসেখেলে হারাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৭, ১৩ ডিসেম্বর ২০২৩
ভারতকে হেসেখেলে হারাল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

জয়ের রাস্তাটা আগেই নাগালের মধ্যে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। বাকি কাজটা কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন করলেন ব্যাটাররা। এতে করে বৃষ্টিস্নাত ম্যাচে ভারতকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের। এই জয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা।

এদিন বৃষ্টি নামার আগে রিংকু সিংয়ের অপরাজিত ৬৮ ও অধিনায়ক সূর্যকুমারের ৫৬ রানে ভর করে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে ভারত। পরে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার সামনে ১৫ ওভারে ১৫২ রানের লক্ষ্যমাত্রা দেয়া হয়। রান তাড়ায় ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

Advertisement

রান তাড়া করতে নেমে দুই প্রোটিয়া ওপেনার ৪২ রানের জুটি গড়েন। তবে দু’জনের ভুল বোঝাবুঝির কারণে রানআউট হয়ে ফিরেন ১৬ রান করা ম্যাথিউ। এরপর অধিনায়ক মার্করামের সঙ্গে ৫৪ রানের আরেকটি জুটি গড়েন রেজা হেনড্রিকস।

দলীয় ৯৬ ও ব্যক্তিগত ৩০ রানে মার্করাম আউট হন। এরপর ১২ রানের ব্যবধানে আরো দুটি উইকেট হারায় প্রোটিয়ারা। কিন্তু শেষ দিকে ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস ও আন্ডিল ফেহলুকায়োর ছোট ছোট ইনিংসে কোনো ঝামেলা ছাড়াই জয় তুলে নেয় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন হেনড্রিকস। শেষদিকে স্টাবস অপরাজিত ১৪ ও ফেহলুকায়ো ৪ বলে ১০ রানের কার্যকরী ইনিংস খেলেন। ভারতের পক্ষে ৩৪ রানের খরচায় ২টি উইকেট নেন মুকেশ কুমার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ছিল খুবই ভয়াবহ। 

দুই ওপেনার জসওয়াল ও শুভমান গিল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। তখন স্কোরবোর্ডে রান মাত্র ৬। তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার। গড়েন ৪৯ রানের জুটি। তিলককে ফিরিয়ে এ জুটি ভাঙেন গেরাল্ড কোয়েৎজে।

অধিনায়কের সঙ্গে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন দারুণ ছন্দে থাকা রিঙ্কু সিং। অধিনায়ক বিদায় নিলেও অন্যপ্রান্ত আগলে খেলতে থাকেন রিঙ্কু। নিয়মিত বাউন্ডারি মেরে সচল রাখেন রানের চাকা। তবে প্রথম ইনিংসের নির্ধারিত ওভারের তিন বল বাকি থাকতে বৃষ্টি নামে মাঠে। ফলে ১৮০ রানেই শেষ হয় ভারতের ইনিংস।

দলের পক্ষে ৩৯ বলে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন রিঙ্কু। যেখানে ২টি ছক্কা ও ৯টি চার মারেন এই ব্যাটার। ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক সূর্যকুমার। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩২ রানের খরচায় ৩টি উইকেট নেন কোয়েৎজে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!