ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ২৪ ডিসেম্বর ২০২৩
যে কারণে মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই
মুস্তাফিজুর রহমান

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নেয় চেন্নাই। কাটার মাস্টারকে দলে ভিড়িয়ে উচ্ছ্বাসও প্রকাশ করে মহেন্দ্র সিং ধোনির দল।

মুস্তাফিজকে যে দলে হুট করে নিয়েছে চেন্নাই, বিষয়টি এমন নয়। বরং অনেক আগে থেকে পরিকল্পনা করেই টাইগার পেসারকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। শুরুতে বিষয়টি নিয়ে মুখ না খুললেও এবার ফিজকে নেয়ার কারণ জানাল আইপিএলের সফলতম দলটি। 

চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়াম। যেখানের উইকেটে অনেক সময় বল পড়ার পর কিছুটা থেমে আসে ব্যাটে। আগের সেই ধার না থাকলেও এমন উইকেটে মুস্তাফিজ এখনও কার্যকর হতে পারেন স্লোয়ার ও কাটারের সহায়তায়। তাছাড়া, এই মাঠের দুই পাশের বড় সীমানাও তার সুবিধায় আসতে পারে।

Advertisement

শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে দলটির প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন বলেন, ‘আমি বলব যে যাদেরকে নেয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘সত্যি বলতে, মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরো মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।’

এদিকে চেন্নাই হতে যাচ্ছে আইপিএলে মুস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী এই পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!