এবারের আসরকে ঘিরে নতুন বছরের প্রথম দিনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির কাঁধেই বিশ্বকাপ মিশনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
এদিন টাইগার যুবাদের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, ‘আমরা ২০২০ এ চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২ এ সেটা ধরে রাখতে পারিনি। সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো বলে-কয়ে হওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য সবসময়ই থাকে চ্যাম্পিয়ন হওয়া, অনূর্ধ্ব-১৯ লেভেলে বিশেষ করে।’
.png)
শেষ মুহূর্তে শ্রীলংকা থেকে বিশ্বকাপ সরে গেলেও স্কোয়াডের ভাবনায় খুব বেশি পরিবর্তন আনেননি বলে জানিয়েছেন হান্নান। তিনি বলেন, ‘আমরা শ্রীলংকা ধরেই এগোচ্ছিলাম। শেষ মুহূর্তে তেমন কোন পরিবর্তন করিনি। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো।’
এশিয়া কাপ জয়ের সাফল্য পাশে সরিয়ে এখন শিষ্যদের বিশ্বকাপে চোখ রাখতে বলছেন যুবাদের কোচ স্টুয়ার্ট ল,‘আমি এশিয়া কাপ জেতার পর ওদের বলেছি ভালো মতো উদযাপন করতে। কারণ এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। তবে ওরা যখন দেশে ফিরবে, তখন আবার এটা অতীত হয়ে যাবে। আমাদের এখন যা হয়ে গেছে তা নিয়ে ভাবা যাবে না। ভাবতে হবে যা সামনে আছে। আমরা যে প্রক্রিয়ায় কাজ করে ভালো করেছি, সেদিকে আবার মনোযোগ দিতে হবে। যদি তা করি তাহলে আমরা ভালো খেলব।’
কোচের মতো একই ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, ‘আশা তো অবশ্যই বেড়ে গিয়েছে (এশিয়া কাপ জেতার পর)। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। মানসিকভাবে আমাদের এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার সময়। আমরা যদি ওই জিনিসটাকে (যুব এশিয়া জেতা) ধরে রাখি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আমাদের এখন বিশ্বকাপ নিয়ে ভাবা উচিত।’