ওয়ার্নারের ‘ব্যাগি গ্রিন’ খুঁজে পেতে সেরা গোয়েন্দা চান মাসুদ
সিডনিতে তিন ম্যাচে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই টেস্টের মধ্য দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলবেন তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে এর আগেই এক দূর্ঘটনার কবলে পড়েছেন এ বাঁহাতি ব্যাটার!
মূলত, মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে কয়েক দিন আগে ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও মূলব্যান টুপিটি খুঁজে পাননি ওয়ার্নার। পরে অবশ্য বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপও প্রকাশ করেন তিনি।
ইনস্টাগ্রামে মঙ্গলবার সকালে ওয়ার্নার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাকপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটি নিয়ে নেয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে এসেছে। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু, যা আমি ফিরে পেতে চাই।’
.png)
এদিকে সিডনি টেস্টের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। সেখানেও ওয়ার্নারের ব্যাগি গ্রিনের প্রসঙ্গ ওঠে।
এর জবাবে পাকিস্তান দলপতি বলেন, ‘অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। তিনি (ওয়ার্নার) খেলাটার বড় এক দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদ্যাপন তার প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে। যেকোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।’
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও পাকিস্তান দল। এর মধ্যে এক টেস্ট হাতে রেখেই ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক অজিরা। শেষ টেস্টটি হারলেই ধবলধোলাই হবে শান মাসুদের দল।