ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
লিগ কাপের সেমিফাইনাল

দ্বিতীয় স্তরের লিগের দলের কাছে লজ্জা পেল চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫২, ১০ জানুয়ারি ২০২৪
দ্বিতীয় স্তরের লিগের দলের কাছে লজ্জা পেল চেলসি
ছবি- সংগৃহীত

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। কাড়ি কাড়ি অর্থ খরচ করেও দুর্দশা কাটাতে পারছে না ক্লাবটি। এবার দ্বিতীয় স্তরের লিগের দলের কাছে হারের তেতো স্বাদ পেল ‘ব্লুজ’রা।

মঙ্গলবার রাতে লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে মিডলসবরোর মাঠে নেমেছিল চেলসি। যেখানে দ্বিতীয় স্তরের লিগের দলটির কাছে ১-০ ব্যবধানে হেরেছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

লিগ কাপে সবশেষ ১৯৯৯ সালে নিচু স্তরের কোনো দলের কাছে হেরেছিল চেলসি। সেবার হাডার্সফিল্ডের কাছে লজ্জা পেয়েছিল ‘ব্লুজ’রা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের লিগের দলের কাছে ইংলিশ ক্লাবটির এটি প্রথম হার। 

Advertisement

আরো অবাক করা বিষয় হলো, মিডলসবরো এই ম্যাচে মাঠে নামার আগে মূল দলের ১২জন খেলোয়াড়কে পায়নি। এরপরও জয় তুলে নিতে পেরেছে মাইকেল ক্যারিকের দল।

রিভারসাইড পার্কে অনুষ্ঠিত এ ম্যাচের ৩৭ মিনিটেই স্বাগতিকদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন হেইডেন হ্যাকনি। তবে শুধু হ্যাকনি নয়, জয়ের কৃতিত্ব দিতে হবে মিডলসবরো গোলকিপার টম গ্লোভারকেও। ‘ব্লুজ’দের বেশ কিছু আক্রমণ রুখে দেন এই অস্ট্রেলিয়ান। 

চেলসির হয়ে প্রথমার্ধে গোলের দারুণ দুটি সুযোগ নষ্ট করেন কোল পালমার। ম্যাচের দুই অর্ধ মিলিয়ে মোট ১৮ বার গোলের সুযোগ নষ্ট করা চেলসি এ ম্যাচের হারের জন্য শুধু নিজেদেরই দুষতে পারে।

হারের পর নিজেদের ভুল স্বীকার করে চেলসি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘আমরা প্রথমার্ধে কিছু ভুল করেছি, গোলের সুযোগ করে দিয়েছি। তারা আক্রমণাত্মক হয়ে ওঠার পর এবং খুব গভীর থেকে ব্লকিং করায় রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। তবে এখনো হাতে ৯০ মিনিট আছে।’ 

আগামী ২৩ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে লিগ কাপের ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: চেলসি
লিংক সফলভাবে কপি হয়েছে!