শুক্রবার দুপুরে রংপুরে স্বপ্নার গ্রামের বাড়িতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। যেখানে বিয়ের সাজে দেখা যায় স্বপ্না ও তার বর মুন্নাকে।
জানা গেছে, পাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার পায়রা চর গ্রামের সুবেহ সাদিক মুন্না সৌদি আরব প্রবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুবকের সঙ্গে স্বপ্নার চার বছরের পরিচয়।
.png)
নারী ফুটবলার স্বপ্না বলেন, ‘আমাদের সম্পর্ক ৪ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু উনি আমাকে চিনতেন আরো আগে থেকেই। আমার খেলা সব সময় দেখতেন। আমার সম্পর্কে সব কিছুই জানতেন। কিন্তু আমি তাকে চিনতাম না। তার সঙ্গে কথা হওয়ার পরই চিনেছি। তিনি ক্রীড়ামনস্ক মানুষ। তাই পারিবারিকভাবে বিয়ে করছি তাকে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
এর আগে, গত বছর স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন স্বপ্না। তবে ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি তিনি।
এরপর গত ২৫ মে ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে চলে যান এই ফুটবলার। এর পরদিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে ফুটবলকে বিদায়ের ঘোষণা দেন স্বপ্না।