চোখে সমস্যা সাকিবের, রাতেই যাচ্ছেন লন্ডন
ভারত বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে গেলেও চরম ব্যর্থ হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আশা পূরণে ব্যর্থ ছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপ শেষে এক সাক্ষাৎকারে ব্যর্থতার কারণ হিসেবে নিজের চোখের সমস্যা কথা জানিয়েছিলেন তিনি।
সেই সময় সাকিব বলেন, পুরো বিশ্বকাপ জুড়ে চোখের সমস্যা আমার সঙ্গে ছিল। বিশ্বকাপের মাঝে চিকিৎসক ড্রপ দিয়েছিল এবং স্ট্রেস কমাতে বলেছিল। কিন্তু যখন আমি আবার যুক্তরাষ্ট্রে (বিশ্বকাপ শেষে) ডাক্তার দেখাই, সেখানে চোখের সমস্যা খুব একটা দেখা দিতে পারেনি।
এদিকে শুরু হয়ে গেছে বিপিএলের তোড়জোড়। আর মাত্র চারদিন পরই টুর্নামেন্টটির দশম আসরের পর্দা উঠবে। আসন্ন আসরকে ঘিরে অনুশীলনে মাঠে নেমেছেন সাকিব। নির্বাচনী ব্যস্ততা শেষ করেই মাঠে নেমে পড়েন এই তারকা।
.png)
মাঠে ফিরেই আবারও চোখের সেই সমস্যা দেখা দিয়েছে টাইগার এই অলরাউন্ডারের। জানা যায়, সাকিবের চোখের সমস্যা এতটাই বেড়েছে যে ব্যাটিংয়ের স্টান্সেও বদল আনতে হয়েছে। এ অবস্থায় চশমা পরে অনুশীলন চালিয়ে গিয়েছেন সাকিব।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চোখের সমস্যা সমাধানে তাই এবার চিকিৎসকের কাছে যেতে হচ্ছে সাকিবকে। আজ রাতে চোখের চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন সাকিব।
বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা রয়েছে। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।