হালান্ডের সবশেষ অবস্থা জানালেন গার্দিওলা
ম্যানেচস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড জানুয়ারি মাসের শেষ পর্যন্ত মাঠ থেকে ছিটকে গেছেন বলে নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা।
গত ৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী এই নরওয়েজিয়ান। যদিও তার ইনজুরি নিয়ে সিটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ধারণা করা হয়েছিল ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে সিটির সর্বোচ্চ গোলদাতা হয়তো মাঠে ফিরে আসবেন। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
গার্দিওলা বলেন, ‘বিষয়টি এখনো শেষ হয়নি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরো সময় লাগবে। যেকোনো ইনজুরিতে খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টা থাকে যত দ্রুত সম্ভব তা কাটিয়ে মাঠে ফিরে আসার। কিন্তু সময় একটি বড় দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।’
এবারের মৌসুমে সিটির হয়ে ২২ ম্যাচে ১৯ গোল করেছেন হালান্ড। ইনজুরির কারণে নিউক্যাসলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে তার খেলা হয়নি। কেভিন ডি ব্রুইনের নৈপুণ্যে ম্যাচটিতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে সিটিজেনরা।
আজ থেকে সিটি ১৩ দিনের বিরতিতে আবুধাবীর উষ্ণ আবহাওয়ায় অনুশীলন করতে যাচ্ছে। চলতি মাসে হালান্ড সুস্থ না হলে ২৬ জানুয়ারি এফএ কাপে টটেনহ্যাম ও ৩১ জানুয়ারি বার্নলির বিপক্ষে ইত্তিহাদ স্টেডিয়ামে লিগ ম্যাচে অনুপস্থিত থাকবেন।
গার্দিওলা বলেন, ‘সবকিছুই ঠিক আছে। চিকিৎসক এক সপ্তাহের জন্য তাকে বিশ্রামে থাকতে বলেছে। হতে পারে আবুধাবীতে আবারো সে নতুন করে অনুশীলন শুরু করবে। যা আশা করা হয়েছিল তার থেকে কিছুটা সময় বেশি লাগছে।’
হালান্ডকে ছাড়া এ মৌসুমে আট ম্যাচে অপরাজিত ছিল সিটি। এর মধ্যে রয়েছে ক্লাব বিশ্বকাপের শিরোপা। এই মুহূর্তে সিটি লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের তুলনায় পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।