কামিন্স-হ্যাজেলউডের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত উইন্ডিজ
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৭ বছরের আক্ষেপ ঘোচাতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। কিন্তু অজিদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুর দিনেই কামিন্স-হ্যাজেলউডদের আগুনে বোলিংয়ে দুইশ’র আগেই গুটিয়ে গেছে সফরকারীরা।
অ্যাডেলেড টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে ১৮৮ রানেই গুটিয়ে গেছে উইন্ডিজ। এরপর তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে অজিরা। স্বাগতিকরা এখনো পিছিয়ে আছে ১২৯ রানে।
দুই অজি পেসার জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্সের বোলিং ঝড়ে বিধ্বস্ত হয়েছে উইন্ডিজ। দুইজনেরই শিকার চারটি করে উইকেট।
.png)
এদিন শুরুটা করেছিলেন কামিন্স, ত্যাগনারায়ণ চন্দরপলকে আউট করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে উইন্ডিজ। টপ অর্ডারের কেউই সেভাবে দাঁড়াতে পারেনি।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে শুধু ব্যতিক্রম কার্ক ম্যাকেঞ্জি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটার করেছেন ফিফটি। তবে এরপরেই হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার ১১তম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন হ্যাজলউড।
১৩৩ রানে নবম উইকেট হারালেও শেষ দিকে প্রতিরোধ গড়েন কেমার রোচ ও প্রথম টেস্ট খেলতে নামা পেসার সামার জোসেফ। দুইজনের দৃঢ়তায় ক্যারিবীয়দের ইনিংস থামে ১৮৮ রানে। ৪১ বলে জোসেফ করেন ৩৬ রান, আর রোচের ব্যাট থেকে আসে ১৭ রান।
দিনের শেষ সেশনে ব্যাট করতে নামে স্বাগতিকরা। যেখানে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে শুরুটা ভালো হয়নি স্টিভেন স্মিথের। ২৬ বল খেলে ফিরেছেন মাত্র ১২ রান করে। বোলিংয়ে এসে প্রথম বলেই স্মিথকে ফিরিয়ে টেস্ট অভিষেক স্মরণীয় করে রেখেছেন সামার জোসেফ।
দিনের শেষ বেলাতে টিকতে পারেননি মার্নাস লাবুশেনেও। জোসেফের বলে মতিয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ১০ রান। আরেক ওপেনার উসমান খাজা অপরাজিত আছেন ৩০ রানে। ৬ রানে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন।