দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলের সমর্থকরাই অধীর আগ্রহে ছিলেন দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে। সেই অপেক্ষার অবসান ঘটেছে ধীরে ধীরে। ক’দিন ধরেই পর্যায়ক্রমে নিজেদের দলপতির নাম ঘোষণা করেছে দলগুলো। আজ বুধবার নিজেদের অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এর আগে সিলেট, রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা ও কুমিল্লা তাদের অধিনায়কের নাম জানিয়েছে।
.png)
এদিকে সাকিব আল হাসানের মত তারকাকে বাদ দিয়ে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। খুলনার দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে এবং সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফী বিন মোর্ত্তজা।
বুধবার সাত দলের জার্সি প্রকাশ্যে এনেছে বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেইজ। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কেরা ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তোলে। শুধু সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফীর বদলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মিঠুন।
এক নজরে বিপিএলের সাত দলের অধিনায়ক:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস
দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম
সিলেট স্ট্রাইকার্স- মাশরাফী বিন মোর্ত্তজা
খুলনা টাইগার্স- এনামুল হক বিজয়
ফরচুন বরিশাল- তামিম ইকবাল
রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান