এখন পর্যন্ত বিপিএলে ছয়বার অংশ নিয়ে চারবারই শিরোপা জিতেছে কুমিল্লা। এই টুর্নামেন্টের পেশাদারিত্ব নিয়ে অনেক কথা উঠলেও ভিক্টোরিয়ান্সের পেশাদারিত্ব নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। অন্যতম সফল দল হয়েও চরম হতাশা ঘিরে ধরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারী নাফিসা কামালকে। কিছু বিষয়ের সমাধান না হলে আগামী বিপিএলে অংশগ্রহণ না করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
দেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে বিপিএল টুর্নামেন্ট নিয়ে কথা বলেন নাফিসা কামাল। এ সময় তিনি বলেন, ‘আমি আগামী বছর বিপিএল করব কি না নিশ্চিত নই। এখন যেভাবে চলছে সেভাবে হলে মনে হয় না আমার পক্ষে দল করা সম্ভব হবে। বিসিবির সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম। সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে।’
.png)
নাফিসা দাবি করেন, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো বিপিএলেও রাজস্ব ভাগাভাগির কাঠামো হতে হবে। নিজেদের পক্ষ থেকে বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতেও রাজি কুমিল্লা।
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা খুবই নমনীয় হব। বিসিবি যদি একদম কমটাও দেয় সেটাও আমরা নিতে রাজি আছি। তবুও মডেলটা তৈরি হউক, কাঠামোটা তৈরি করুক। ’পরের মৌসুমে বিসিবি এই উদ্যোগ না দিলে ভিক্টোরিয়ানসকে ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্বত্ত্বধিকারী নাফিসা কামাল।