নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ শিরোপা খুইয়েছে পাকিস্তান। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে সফরকারীদের এখন লড়াই লজ্জার হোয়াইটওয়াশ এড়ানো।
পাকিস্তানের এমন হারের দিনে আলোচনায় উইকেটরক্ষক-ব্যাটার আজম খান। তিন ম্যাচে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি তিনি। পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়ার আগেই ডানেডিনে হাস্যরসের শিকার হয়েছেন ডানহাতি এ ব্যাটার।
.png)
আজম খানকে জনপ্রিয় রেসলার ‘বিগ শো’র সঙ্গে তুলনা করেছে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের ডিজে। আর তাতেই রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিয়ে।
ঘটনার সূত্রপাত পাকিস্তান ইনিংসের ১১তম ওভারের শেষ দিকে। ফখর জামান যখন আউট হয়ে সাজঘরে ফিরেছেন, তখন মাঠে প্রবেশ করছিলেন আজম খান। সেই মুহূর্তে মাঠে জনপ্রিয় রেসলার ‘বিগ শো’র আগমনি গান বেজে উঠে। ডব্লিউডব্লিউই খ্যাত রেসলিং জগতের তারকা বিগ শো যখন রিংয়ে প্রবেশ করেন, তখন ‘ইটস এ বিগ শো; নামের গান বাজানো হয়। যা পুরো বিশ্বে ‘বিগ শো’র আগমনি গান হিসেবে পরিচিত।
বুধবার আজম খান মাঠে ঢোকার সময়ে সেই গানই বাজিয়েছেন স্টেডিয়ামের ডিজে। এই থিম সং দিয়ে মূলত আজমের শরীরের ওজনকে কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের ক্রিকেট অনুরাগীরা। একইসঙ্গে দেশটির ক্রীড়া সাংবাদিকরাও এই ঘটনার ব্যাপক সমালোচনা করছেন। পিসিবিকে এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।