ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শোয়েবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন সানিয়ার বোন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২১ জানুয়ারি ২০২৪
শোয়েবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন সানিয়ার বোন
ছবি: সংগৃহীত

শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দিনের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের ছবি পোস্ট করেন তিনি। এরপর থেকেই আলোচনায় এ ক্রিকেটার।

নিজ দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে দুটি ছবি শেয়ার করে তার সঙ্গে বিয়ের কথা নিশ্চিত করেন শোয়েব মালিক। এতে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে যে তার বিচ্ছেদ হয়েছে, তা নিশ্চিত হয়ে যায়। 

যদিও এ নিয়ে দু’পক্ষ থেকে খুব বেশি কিছু জানানো হয়নি। তাই দুজনের বিচ্ছেদ নিয়ে কোনো কিছুর ধারণা পাওয়া যাচ্ছিল না। তবে সানিয়ার বাবা ইমরান মির্জা ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে জানান, ধর্মীয় আইন ‘খুলা’ পদ্ধতি মেনেই সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছে।

Advertisement

শরীয়া আইন অনুযায়ী ‘খুলা’ হলো মহিলাদের একটি অধিকার। যার মাধ্যমে তারা একপাক্ষিক ভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। সেই আইনের মাধ্যমেই সানিয়া শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করেননি সানিয়ার বাবা। 

অবশেষে শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সানিয়া মির্জা ও তার পরিবার। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

মির্জা পরিবার ও টিম সানিয়ার নামে দেয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’

বিবৃতিতে সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধও করা হয়েছে, ‘তার (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যে কোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান বৈরিতার মাঝেও ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক এবং সানিয়া মির্জা। দুজনেই নিজ নিজ খেলার নামী দুই তারকা। সেসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এই দুজনের বিয়ে। অনেকেই যেমন মানতে পারেননি তাদের সম্পর্ক। দীর্ঘ ১৪ বছর পর দুজনের সম্পর্কটাই ভেঙে গেল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!