সোহরাব ছিলেন সানিয়ার ছোটবেলার বন্ধু। সেই বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল সানিয়ার। দুজন তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলেননি। কিন্তু বাগদানের পর তারা নিজেরাই বুঝতে পেরেছিলেন যে, একে অপরের সঙ্গে থাকা সম্ভব নয়।
সোহরাব-সানিয়ার চিন্তাভাবনা আলাদা ছিল। তাই সম্পর্ক ভেঙে যায় বলে জানা গিয়েছিল। সোহরাব ছিলেন একটি বেকারি সংস্থার মালিক। তিনি ইংল্যান্ড থেকে পড়াশোনা করেছিলেন। হায়দরাবাদ শহরে যথেষ্ট পরিচিত মুখ তিনি।
.png)
সানিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক সাক্ষাৎকারে সোহরাব বলেছিলেন, তিন পুরুষ ধরে আমাদের দুই পরিবারের সম্পর্ক। বাগদানের পর থেকেই আমার এবং সানিয়ার মধ্যে মনোমালিন্য শুরু হয়। তাই বাগদান হলেও সেটা বিয়ে পর্যন্ত এগোয়নি।
সানিয়া এবং সোহরাবের সম্পর্ক ভেঙে গেলেও দুই পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল হয়নি বলেই দাবি করেছিলেন সোহরাবের বাবা। তিনি জানিয়েছিলেন, দুই পরিবারের মধ্যে আগের মতোই বন্ধুত্ব রয়েছে।
শুধু সোহরাব নয়, সানিয়ার সঙ্গে নাম জড়িয়েছিল দক্ষিণী অভিনেতা নবদীপ পাল্লাপলুর। তারা একসঙ্গে জিম করতেন বলে শোনা যায়। যদিও নবদীপকে সানিয়া শুধুই বন্ধু বলে দাবি করেছিলেন। নবদীপও সেই সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি।
২০১০ সালে শোয়েবকে বিয়ে করেন সানিয়া। তাদের পরিচয় হয়েছিল সেই বছরই ব্রিসবেনে। ২০১০ সালে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেলতে গিয়েছিলেন সানিয়া।
পাকিস্তান ক্রিকেট দল যে হোটেলে ছিল, সেখানেই ছিলেন সানিয়া। আলাপ হয় সানিয়া এবং শোয়েবের। সম্পর্ক গড়াতে বেশি সময় লাগেনি। পরিচয়, প্রেম এবং পরিণয়- চার মাসের মধ্যে সবই হয়ে যায় সানিয়া এবং শোয়েবের।
সেই সম্পর্ক ভাঙতে শুরু করে ২০২২ সাল থেকে। পাক সংবাদ মাধ্যমের খবরে সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। সেই সময়ই জানা গিয়েছিল যে সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না।
সেই সময় ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, “ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।” ভারতের অন্যতম সেরা টেনিস তারকা সন্তানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে।
সেই সঙ্গে সানিয়া লেখেন, “যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।” সানিয়ার সেই পোস্ট ঘিরেই জল্পনার শুরু। এরপর একের পর এক পোস্টে ভাঙা সম্পর্কের আভাস পাওয়া গিয়েছিল।
শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকত যে তিনি সানিয়ার স্বামী। নিজেকে এক জন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করেছিলেন শোয়েব। কিছুদিন আগে সেই বাক্য সরিয়ে নিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
এমনকি শোয়েব তার ইনস্টাগ্রামে সানিয়ার সব ছবিও মুছে দিয়েছিলেন। তবে ছেলে ইজহানের সঙ্গে অনেক ছবি দেখতে পাওয়া গিয়েছে। সানিয়াও তার ইনস্টাগ্রাম থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন। শুধু একটি মাত্রই ছবি রয়েছে শোয়েবের সঙ্গে।
সেখানে সানিয়া এবং শোয়েবের সঙ্গে তাদের ছেলে ইজহানও রয়েছেন। সেই ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নাম উল্লেখ নেই। ইজহানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন সানিয়া। সেই ছবি বাদে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন সানিয়া।
শনিবার শোয়েব জানান তিনি বিয়ে করেছেন পাক অভিনেত্রী সানা জাভেদকে। সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, ধর্মীয় আইন মেনেই সানিয়া বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে। ফলে তাদের সম্পর্কের যে ইতি ঘটে গিয়েছে তা বলাই যায়।