একটা সময় প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে মাঠ মাতিয়েছেন মেসি-ডি মারিয়া। তবে এখন তাদের ঠিকানা আলাদা। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রে এবং ডি মারিয়া ফিরেছেন পর্তুগালের ক্লাব বেনফিকায়। স্বাভাবিকভাবেই ফরাসি ক্লাবে তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই।
এদিকে আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে প্যারিস অলিম্পিক। তবে এর দুদিন আগে অর্থাৎ ২৪ জুলাই থেকে শুরু হবে ফুটবল ইভেন্টের খেলা। এই ইভেন্টে মেসি ও ডি মারিয়াকে দেখা যেতেও পারে শেষবারের মতো। কিন্তু সবকিছুই নির্ভর করছে আর্জেন্টিনার অলিম্পিকে জায়গা পাওয়ার উপর।
.png)
ভেনেজুয়েলায় আজ শুরু হচ্ছে কনমেবল অঞ্চলের বাছাই পর্ব। আগামীকাল প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের বর্তমান কোচ হ্যাভিয়ার মাশচেরানো। জাতীয় দলে দীর্ঘদিন মেসি ও ডি মারিয়ার সতীর্থ ছিলেন তিনি। অলিম্পিক দলে এ দুই তারকা খেলোয়াড়কে অনেক আগে থেকেই চেয়ে আসছিলেন তিনি। এখন দেখার বিষয় আর্জেন্টিনার অলিম্পিক দলে আবার দেখা যায় কি-না তাদের।
এবার অবশ্য জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার আসরও রয়েছে। আগামী ২১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে এই আসর। ১৫ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে এই আসরটি। এর সপ্তাহ খানেক পরই শুরু হবে অলিম্পিক। তাই ওয়ার্ক লোডটা একটু বেশিই হতে পারে তাদের জন্য। অলিম্পিক চলাকালীন সময়ে মেসির বয়স হবে ৩৭ বছর, আর ডি মারিয়ার ৩৬।
এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে খেলেছিলেন ডি মারিয়া ও মেসি। আর্জেন্টিনাকে স্বর্ণপদক এনে দেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান ছিল এ দুই তারকার। ফাইনালে ডি মারিয়ার একমাত্র গোলেই নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। সেটাই অলিম্পিকে আর্জেন্টিনার শেষ স্বর্ণপদক।