ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে যে মাইলফলকে তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ২২ জানুয়ারি ২০২৪
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে যে মাইলফলকে তামিম
ছবি: সংগৃহীত

চলমান বিপিএল দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। আসরের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তার দল ফরচুন বরিশাল। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার খুলনার বিপক্ষে মাঠে নেমেছে তামিমের দল।

এ ম্যাচে বিপিএলের অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিন হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। আজ ইনিংসের ১২তম ওভারে এই মাইলফলক স্পর্শ করেন টাইগার ওপেনার।

নাসুম আহমেদের বলে সিঙ্গেল নিয়ে বিশেষ এই কীর্তিতে পৌঁছান তামিম। তার ঠিক পেছনেই আছেন আজকের ম্যাচে খেলা তার আরেক সতীর্থ মুশফিকুর রহিম। ব্যাট করতে নামার আগে মুশির এ ম্যাচে প্রয়োজন ৯২ রান।

Advertisement

অবশ্য বিপিএলে তামিম ও মুশফিকের রানের লড়াইটা নতুন কিছু নয়। ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে প্রথম ক্রিকেটার হিসেবে হাজারি ক্লাবে প্রবেশ করেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।

তামিম ছিলেন এক হাজারি ক্লাবের তৃতীয় ব্যাটসম্যান। ২০১৯ সালে ৭ম আসরে মুশফিককে পেছনে ফেলে তামিম প্রথম ব্যাটার হিসেবে দুই হাজারের ক্লাবে ঢোকেন। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকা তিন ক্রিকেটারই এবারের আসরে একসঙ্গে বিপিএল মাতাচ্ছেন।

তামিম আজকের আগে বিপিএলে ৯০ ম্যাচের ৮৯ ইনিংসে ব্যাট করে ১২২.৮২ স্ট্রাইক রেটে ২৯৬৫ রান করেছেন। যেখানে রয়েছে ২৫টি অর্ধশতক ও ২টি শতক। অন্যদিকে মুশফিক ১৩২.৯০ স্ট্রাইক রেটে ১১২ ম্যাচের ১০৬টিতে ব্যাট করে তুলেছেন ২৯০৮ রান। যেখানে রয়েছে ১৮ অর্ধশতক।

তামিমের আগে হাজারি ক্লাবে প্রবেশ করা মাহমুদউল্লাহ ১২১.৯৯ স্ট্রাইক রেটে ১০৫ ম্যাচে ৯৯ ইনিংসে করেছেন ২৩০২ রান। যেখানে রয়েছে ১০টি অর্ধশতক। ২২৫৪ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে কুমিল্লার ইমরুল কায়েস আর ২১৪৪ রান নিয়ে পঞ্চম স্থানে সাকিব আল হাসান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!