ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিপিএল ২০২৪: ঢাকাপর্ব শেষে কে কোথায়?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬, ২৪ জানুয়ারি ২০২৪
বিপিএল ২০২৪: ঢাকাপর্ব শেষে কে কোথায়?
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠেছে। এরই মধ্যে ঢাকায় প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা।

ঢাকায় প্রথম পর্বের চার ম্যাচডেতে হয়েছে ৮ ম্যাচ। এবারের বিপিএলে অংশ নেয়া ৭ দলের প্রত্যেকে খেলেছে অন্তত দুইটি করে ম্যাচ। যেখানে সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছে টুর্নামেন্টের ডার্ক হর্সরা। দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা খুলনা টাইগার্স এবার আলোচনার টেবিলে খানিকটা পিছিয়েই ছিল। কিন্তু নিজেদের ম্যাচে ঠিকই আলো কেড়ে নিয়েছে অপেক্ষাকৃত তরুণ আর দেশীয় খেলোয়াড়ে ভরপুর দলগুলো। 

সবচেয়ে ভাল সময় কেটেছে খুলনা টাইগার্সের। দুই ম্যাচের দুই জয় নিয়ে এখন পর্যন্ত আসরের একমাত্র দল হিসেবে শতভাগ জয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই সিলেটে যাচ্ছে তারা। 

এরপরেই আছে চট্টগ্রাম। মাঝে এক ম্যাচ হারলেও তারা শেষ ম্যাচে পেয়েছে দারুণ এক জয়। বন্দরনগরীর প্রতিনিধিরাও পেয়েছে ৪ পয়েন্ট। তবে রানরেটে খুলনার পেছনে থাকতে হচ্ছে তাদের। 

তালিকার তিন নম্বর জায়গা দখলে নিয়েছে তারকায় ঠাসা রংপুর রাইডার্স। কর্পোরেট ফ্র্যাঞ্চাইজির দলটি প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ধুঁকছিল। তবে বাবর আজমের ব্যাটে ভর করে জয় পেয়েছে তারা। উঠে এসেছে তালিকার তিনে। 

চার নম্বরে আছে দুর্দান্ত ঢাকা। কুমিল্লার বিপক্ষে চমক দেখিয়ে জয় পেলেও, চট্টগ্রামের কাছে হারতে হয়েছে তাদের।

এদিকে প্রথম ম্যাচে ঢাকার কাছে হারের পর জয় পেয়েছে কুমিল্লা। তারা আছে পাঁচে। আর প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে ৬ষ্ঠ স্থানে আছে ফরচুন বরিশাল। আর একেবারে তলানিতে আছে পরের পর্বের আয়োজক সিলেট। মাশরাফীর দল হেরেছে দুই ম্যাচেই। 

আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। আর শেষ হবে ৩ ফেব্রুয়ারি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!